মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলটি ওই চেতনা থেকে সরে এসেছে। মিশে গেছে বিএনপি-জামায়াতের কাতারে।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘রাষ্ট্রধর্ম বাতিল, ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি প্রদান করো’ শীর্ষক ওই সভা আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।সভায় বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার বদলে ধর্মকে ব্যবহার করে ভোট আদায় আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বলে প্রতীয়মান হয়েছে। সভায় বক্তব্য দেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের তথ্যবিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা প্রমুখ। সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম শুভ।