রাষ্ট্রপতি আবদুল হামিদ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের সঞ্চৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাযুদ্ধে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বা তাঁদের উত্তরাধিকারীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সকাল আটটায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। দিবসটি উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল সামরিক অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন। এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ প্রাঙ্গণে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এম এনামুল বারী ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মুহামঞ্চাদ শফিউল হক তাঁকে স্বাগত জানান।
ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা কঠোর আত্মত্যাগ এবং ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। কাজেই আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে।’ তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শান্তিপূর্ণ ও মর্যাদাসম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে নেওয়া বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ‘উদ্ধার পরিকল্পনা, ২০১০’ নামের একটি রূপরেখা প্রণয়ন করেছে। এর মাধ্যমে ২০১৪ সাল নাগাদ অতীতের সব জটিলতা ও দায়মুক্ত হয়ে কল্যাণ ট্রাস্ট কমপক্ষে ১৩৫ কোটি টাকার মূলধন আহরণ করবে।
শেখ হাসিনা বলেন, বর্তমানে দুই লাখ মুক্তিযোদ্ধা দুই হাজার টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন। ২০০৯-১০ অর্থবছরে বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা ১১ হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪ হাজার ৪০০ টাকা এবং শহীদ পরিবারের ভাতা বৃদ্ধি করে সাত হাজার ২০ টাকায় উন্নীত করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে কয়েকজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে উপহার হিসেবে চেক, মুঠোফোন ও শাল বিতরণ করেন। পরে তিনি কুর্মিটোলা গলফ ক্লাবের নবনির্মিত ভবন এবং ঢাকা সেনানিবাসে শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেটের পূর্বদিকে স্বাধীনতা টাওয়ারের উদ্বোধন করেন।