মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যাবে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান লে. জেনারেল  আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু  এসরার l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সামনে এগিয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার গণভবনে নবনিযুক্ত সেনাপ্রধান আবু বেলাল মোহম্মদ শফিউল হককে র্যাং ক ব্যাজ পরানোর পর তাঁকে অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন তিনি। খবর বাসসের।
এর আগে শফিউল হকের কাছে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।
গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে জেনারেল র্যাং ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী জাতি। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে।’ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেখ হাসিনা আরও বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী সরকার এবং সংবিধানের প্রতি অবিচল আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।