মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
সুনামগঞ্জে ২২ জন মুক্তিযোদ্ধাকে দেওয়া সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত বুধবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সম্মাননার আয়োজন করে স্থানীয় দৈনিক পত্রিকা সুনামকণ্ঠ। এতে সুনামগঞ্জ ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজন সম্মাননা গ্রহণ করেন। ২২ বীরযোদ্ধা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর বালাটের ইকো-১ ট্রেনিং সেন্টারের প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
সুনামকণ্ঠ-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামকণ্ঠ-এর সম্পাদক বিজন সেন রায়, সঞ্চালনা করেন শামস শামীম।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামসুন্নাহার বেগম বলেন, ‘অনেকেই মুক্তিযুদ্ধ না করেই তালিকায় নাম লেখিয়েছেন, মুক্তিযোদ্ধা সেজে আছেন। আবার অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন যাঁদের নাম তালিকায় ওঠেনি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করতে হবে।’ ফেনীর দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে সম্মাননা নিতে আসা মুক্তিযোদ্ধা মানিক লাল নাথ জানান, বালাটে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পঁচাত্তর-পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা অসহায় হয়ে পড়েন। তখন চাকরি হারানোর ভয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথা গোপন রাখেন। ফলে তালিকায় নাম ওঠেনি। এরপর নানা চেষ্টা করেও আর নাম তালিকায় তুলতে পারেননি তিনি।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন মতিউর রহমান, দেওয়ান মোসাদ্দেক রেজা চৌধুরী, মালেক হোসেন পীর, হিরন্ময় কর, শফিকুল ইসলাম, রথীশ রঞ্জন চৌধুরী, জয়নাল আবেদনী, সত্যগোপাল দে, প্রমোদ রঞ্জন কর, সুশান্ত রঞ্জন ভদ্র, আবু সুফিয়ান, আ ত ম সালেহ, নিতাই কর্মকার, সৈয়দ আতাউর রহমান, শামসুল হক, যথীন্দ্র কুমার দে, পৃথেশ চন্দ্র চৌধুরী, মো. আবদুর রশিদ, মানিক লাল নাথ, সুনীল শুল্ক বৈদ্য, প্রভাত চন্দ্র ও প্রাণেশ রঞ্জন রায় চৌধুরী।