কাজের ক্ষেত্রে সাংবাদিকেরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখবেন। কিন্তু যখন মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন আসে, তখন নিরপেক্ষতার কিছু থাকে না। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা হয়। এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ইকবাল সোবহান চৌধুরী আ জ ম নাছিরের পক্ষে সরাসরি কিছু বলেননি। সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, নাগরিক হিসেবে কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌম ও উন্নয়নের প্রসঙ্গ যখন আসবে তখন অবশ্যই একটি পক্ষ নিতে হবে। যারা স্বাধীনতাবিরোধী, যারা গণতন্ত্রের শত্রু, যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায় তাদের বিরুদ্ধে অবশ্যই শক্ত অবস্থান নিতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি বলছে রাজনৈতিক কৌশল হিসেবে তারা সিটি করপোরেশন নির্বাচনে এসেছে, তবে ২০১৪ সালেই যদি তারা এ কৌশল অবলম্বন করত তাহলে এত ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হতো না। খালেদা জিয়া এখন তাঁর প্রার্থীর পক্ষে ভোট ভিক্ষা চাইছেন, কিন্তু জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেননি। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সবাই অংশ নিচ্ছে এটি ইতিবাচক দিক। ফলাফল কী হবে, সেটি ২৮ তারিখ বোঝা যাবে। সচেতন ভোটাররা তাঁদের রায় দেবেন। এ নির্বাচনের মাধ্যমে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিনাশ হবে আশা করি।
মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আগুন সন্ত্রাসী, হেফাজতকে সমর্থন দেওয়া, যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া দল যখন মেয়র পদে প্রার্থী দেয়, তখন আমরা সাংবাদিকেরা নিরপেক্ষ থাকতে পারি না। বড় শহরগুলোতে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে দেখতে চাই। এই শহরগুলো হেফাজত ও যুদ্ধাপরাধী পক্ষের হাতে দেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিকদের অধিকার রক্ষায় অনেক কিছু করেছেন। এখন তার প্রতিদান দেওয়ার পালা। আমরা তাঁর দাবির পক্ষে ও তাঁর নির্দেশিত পথে থাকব।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের জন্য অনেক কিছু করেছেন। তাঁর আস্থাভাজন মেয়র পদে নির্বাচিত হলে উন্নয়নের ধারা ত্বরান্বিত হবে।
সভায় আরও বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি আবু তাহের মুহম্মদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, আতাউল হাকিম, বর্তমান সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ। বক্তারা সবাই আ জ ম নাছিরের সমর্থনে বক্তব্য দেন।