মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আওয়ামী লীগ-বিএনপি কারও সম্পর্ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ এখন সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। কারণ, আওয়ামী লীগ ও বিএনপি—কারও সঙ্গে এখন মুক্তিযুদ্ধের চেতনার কোনো সম্পর্ক নেই। রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটেছে। ভুলপথে এগোচ্ছে অর্থনীতি ও সংস্কৃতি।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতায় আলোচকদের কথায় এসব কথা উঠে আসে। আহমদ শরীফের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ চিন্তা সংঘ এই আলোচনার আয়োজন করে। এতে ‘অধ্যাপক আহমদ শরীফের একান্ত ভাবনা: সমাজ ও রাষ্ট্রের গণতন্ত্রায়ণে দ্রোহী বুদ্ধিজীবীতার ভূমিকা প্রসঙ্গে’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করেন লেখক সাংবাদিক নূরুল কবীর।
স্মারক বক্তৃতায় নূরুল কবীর বলেন, ‘আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির নামে দেশের অবাঙালি জনগোষ্ঠীর নাগরিক-সমানাধিকারের ধারণাটিকে অবজ্ঞা করছে। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির আড়ালে ইসলামি জাতীয়তাবাদ অনুশীলন করছে।’
নূরুল কবীর বলেন, ‘নাগরিকদের ভোটাধিকারের স্বীকৃতিকে একটা কাগুজে অধিকারে পরিণত করেছে আওয়ামী লীগ। এই মুহূর্তে তাদের রাজনৈতিক আচরণ ও উচ্চারণ থেকে মনে হতে পারে, তারা বিশ্বের শ্রেষ্ঠতম নির্বাচনের মধ্য দিয়ে চিরকালের জন্য রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে শাসকশ্রেণী এক ভয়াবহ নৈর্বাচনিক স্বৈরতন্ত্র গড়ে তুলেছে। গণতান্ত্রিক জবাবদিহির মৌলিক প্রশ্নটিই এখন অর্থহীন বাক্য।’
অধ্যাপক আহমদ শরীফ সম্পর্কে নূরুল কবীর বলেন, তিনি তাঁর শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্রছাত্রীকে অযৌক্তিক ধারণা ও বিশ্বাস থেকে মুক্ত করে চিন্তাশীল মানুষে উন্নীত করেছেন।
এ বছর ড. আহমদ শরীফ স্মারক পুরস্কার পান গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এবং বিশ্লেষক ও লেখক শামসুজ্জোহা মানিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং অনুষ্ঠানের সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি—সবই এখন ভুলপথে চলছে। বাংলাদেশে আর্থসামাজিক-রাষ্ট্রিক যে অবস্থা, তাতে কেবল গণ-আন্দোলন দিয়ে সুফল হবে না। সুফল অর্জনের জন্য দরকার নতুন সাংস্কৃতিক আন্দোলন ও নতুন রেনেসাঁস।’
পুরস্কার গ্রহণ করে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘অধ্যাপক আহমদ শরীফ একমাত্র ব্যক্তি, যাঁর সঙ্গে দ্বিমত পোষণ করে তর্ক করা যেত। তিনি চেয়েছিলেন বাংলাদেশ হবে একটি প্রকৃত সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাঁর মতো অসাম্প্রদায়িক ও স্পষ্টবাদী ব্যক্তি দ্বিতীয়টি দেখিনি।’
শামসুজ্জোহা মানিক বলেন, ‘বর্তমান রাজনৈতিক সংকটের আমূল পরিবর্তনে নতুন প্রজন্মের জাগরণ প্রয়োজন।’