মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাধা দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সব বাধা দূর করতে হবে।’ গতকাল মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধ হয়। এ কারণে অপশক্তি সক্রিয় হয়ে ওঠে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে। যাঁরা যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হোক তা চান না, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এ দেশে থাকার যোগ্যতা হারিয়েছেন। এই দেশ ৩০ লাখ শহীদের আত্মত্যাগের ফসল। এখানে যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হাই। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম। এ সময় পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী প্রমুখ উপস্থিত ছিলেন।