
বছর ঘুরে আবার এসেছে মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারা দেশে গতকাল শুক্রবার দিবসটি উদ্যাপন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। এ উপলক্ষে শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানানো হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: ভোরে বিভিন্ন সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল নয়টায় সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। সন্ধ্যা ছয়টায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর: সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান, জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল ইসলাম গনি, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আ স ম নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতারা। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ আতিউর রহমান। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।’
মৌলভীবাজার: প্রথম প্রহরে ও সকালে একে একে সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার প্রেসক্লাব, শিল্প ও বণিক সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠী, মহিলা পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, রেডিও পল্লীকণ্ঠ, বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে।
চাঁদপুর: সকালে চাঁদপুর স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া: ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ ফারুকী পার্কে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বন্ধুসভা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ময়মনসিংহ: প্রথম প্রহরে ময়মনসিংহ স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পরে একে একে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক।
সুনামগঞ্জ: পৌর শহরের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জেলা আইনজীবী সমিতি, পৌরসভা, মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠান।
নেত্রকোনা: নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও সাতপাইয়ে জেলা স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, নেত্রকোনা পৌরসভা, উদীচী, মহিলা পরিষদ, স্বাবলম্বী, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান।
জামালপুর: জামালপুর শহরের শহীদ স্মৃতিস্তম্ভের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেরসকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।