মুক্তিযুদ্ধের সংগঠক, চলচ্চিত্রকার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা নাসির উদ্দীন ইউসুফ সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নেওয়ার জন্য এখনই প্রস্তুতি নিতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংস্কৃতিক কর্মী হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক, এটা সমর্থন করি। কিন্তু সেই শক্তির হেফাজতের সঙ্গে আঁতাত কিংবা হাইকোর্ট থেকে ভাস্কর্য অপসারণের মতো অসাম্প্রদায়িক কাজ আমরা সমর্থন করি না।’
গতকাল শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগীয় কর্মী সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে নাসির উদ্দিন ইউসুফ এসব কথা বলেন।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘তিন মাস আগেও কেউ ভাবেনি দেশের রাজনৈতিক অঙ্গন এতটা অস্থিতিশীল হয়ে উঠবে। সাংস্কৃতিক ব্যর্থতার কারণে এ অবস্থা তৈরি হয়েছে। সময়টা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে শুধু রাজনৈতিক মহাবিপর্যয় নেমে আসেনি; সাংস্কৃতিক অঙ্গনে যে বিপর্যয় ঘটেছে, সেখান থেকে সাংস্কৃতিক কর্মীরা আজও ঘুরে দাঁড়াতে পারেননি। সাংস্কৃতিক ব্যর্থতার কারণে এ দেশ এখনো ধর্মনিরপেক্ষ হয়ে ওঠেনি। স্বাধীনতার ২০ বছর আগে যে সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে সরে এসেছি আমরা। এর ফলে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা নানা সময়ে সরকারের পৃষ্ঠপোষকতায় পুরস্কৃত হয়েছে। সাংস্কৃতিক কর্মীরা যদি প্রতিরোধ গড়তে পারতেন, তবে স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিতে পারত না। হাতে সময় খুব কম। সাংস্কৃতিক কর্মীদের এখনই জেগে উঠতে হবে। নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করে সাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।’
দিনব্যাপী সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের কর্মীরা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবদুল মান্নান বলেন, অতীতে সব গণতান্ত্রিক আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অবিস্মরণীয়। সব আন্দোলনেই তাঁরা ছিলেন সোচ্চার। এ দেশকে নিয়ে ষড়যন্ত্র অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। মুক্তিযুদ্ধের চেতনার সাংস্কৃতিক কর্মীরা সাম্প্রদায়িক অপশক্তির যেকোনো ষড়যন্ত্র ভবিষ্যতেও রুখে দিতে সোচ্চার থাকবেন, এটাই দেশবাসী বিশ্বাস করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে ভুলে সৃজনশীল সাংস্কৃতিক আন্দোলন সম্ভব নয়। লালন-হাসন, রবীন্দ্রনাথ-নজরুলের অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক কর্মীরা কোনো অপশক্তির কাছে পরাজিত হতে পারেন না। বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় সমন্বয়ক তৌফিক হাসানের সভাপতিত্বে সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী, বগুড়া জেলা জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জয়পুরহাটের সমন্বয়ক আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।