মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে গণজাগরণ মঞ্চের তিন দিনব্যাপী প্রথম বর্ষপূর্তির কর্মসূচি।
গতকাল শুক্রবার কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে গণজাগরণ মঞ্চের নবীন-প্রবীণ সংগ্রামীরা এই অঙ্গীকার করেন। শুধু রাজপথে নয়, সংস্কৃতির অঙ্গনেও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেন তাঁরা।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে শাহবাগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটায় শাহবাগের মূল মঞ্চ থেকে উচ্চকিত হয় যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে স্লোগান। চারটার দিকে শুরু হয় জাগরণ সমাবেশ। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। তবে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী আরও সাত দিন চলবে।
সমাবেশে গত এক বছরের কর্মকাণ্ডের সংক্ষিপ্তসার তুলে ধরেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সমাবেশে মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধবিরোধী শক্তির এত প্রভাব ছিল না। ক্ষমতার ছত্রচ্ছায়ায় তারা ফুলেফেঁপে উঠেছে। তবে আশার কথা, নতুন প্রজন্ম পরিবর্তনের লক্ষ্যে জেগে উঠেছে।
সাংবাদিক আবেদ খান বলেন, মুখোশের আড়ালে যারা মুক্তিযুদ্ধের বিরোধী চেতনাকে লালন করে, তাদের মুখোশ খুলে দিয়েছে গণজাগরণ মঞ্চ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, যত দিন পর্যন্ত সব রাজাকার, আলবদর, আলশামসদের বিচার না হবে এবং জামায়াত-শিবির বিতাড়িত না হবে, তত দিন এ আন্দোলন চলবে।
শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, তরুণ প্রজন্ম দেশের সব মানুষের হূদয়ে চেতনার আলো জ্বালিয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, মানবাধিকারকর্মী খুশী কবির, ডাকসুর সাবেক সহসভাপতি মাহফুজা খানম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আইনজীবী তুরিন আফরোজ, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদপন্থী ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত প্রমুখ।