মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

৪৫ বছর পার করল বাংলাদেশ। হাতে শ্রদ্ধার ফুল, গায়ে পতাকার রং আর মুখে প্রেরণার স্লোগান নিয়ে গতকাল শনিবার প্রিয় মাতৃভূমির ৪৬তম জন্মদিন পালন করল জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গতকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের কণ্ঠে ধ্বনিত হলো মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ার প্রত্যয়।
গতকাল সূর্যোদয়ের পরপরই সারা দেশে শুরু হয় স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠান, যার কেন্দ্রে ছিল জাতীয় স্মৃতিসৌধ। ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাভারে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেদিতে ফুলের স্তবক রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদর্শন করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
প্রধানমন্ত্রী পরে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে পুনরায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ অন্যরা।
সকালের দিকে স্মৃতিসৌধে রাজনৈতিক দলগুলোরই প্রাধান্য ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ে। বড়দের হাত ধরে স্মৃতিসৌধে আসা ছোট শিশুদের মূল আকর্ষণ ছিল স্মতিস্তম্ভটি। লাল-সবুজ পোশাক পরে, মাথায় জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে তারা স্মৃতিস্তম্ভকে পেছনে রেখে ছবি তুলতে মেতে ওঠে।
সরকারি কর্মচারী মঞ্জুর আলম ঢাকার তেজগাঁও থেকে সকালেই মেয়ে মাইমুনা মালিহাকে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। মঞ্জুর বলেন, বছর দশেকের মেয়ের খুব শখ স্মৃতিসৌধে ছবি তুলবে। এ জন্যই নিয়ে এসেছেন।
মো. জুয়েল ও সাবিনা খাতুন দম্পতি কাজ করেন পোশাক কারখানায়। একমাত্র মেয়ে মাবিয়া খাতুন কেবল একটি মাদ্রাসায় ভর্তি হয়েছে। মেয়ের আবদারেই জিরানী বাজার থেকে শ্রদ্ধা জানাতে আসা বলে জুয়েল জানান।
রাজবাড়ীর মুক্তিযোদ্ধা আবদুল হাসিম বলেন, তিনি প্রতি বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে সাভারে আত্মীয়ের বাসায় ওঠেন। নিয়ম করে সকালে একা একা শ্রদ্ধা জানান বীরদের।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। এরপরই মূলত উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকাল সাড়ে আটটার দিকে। এর অনেক আগে থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্মৃতিসৌধ চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। খালেদা জিয়া এলে তাঁর সঙ্গে মিছিল নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ।
রাজনীতিকেরা যা বলেন: শহীদদের শ্রদ্ধা জানাতে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলাদলির কারণে দেশ পিছিয়ে পড়েছে।
দলের নেতাদের নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন স্মৃতিসৌধে আসেন সকাল ১০টার আগে আগে। শ্রদ্ধা জানানো শেষে বেরিয়ে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সই করা দলিল (জাতীয় সংবিধান) বাস্তবায়ন করতে হবে। এটি জাতীয় জাদুঘরে রক্ষিত আছে। এগুলো বাস্তবায়নের জন্য লেগে থাকতে হবে। সংগ্রাম শেষ হয়নি, অব্যাহত আছে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এখনো দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাসী একটি দল। স্বাধীনতার ৪৫ বছর হতে চলেছে। এখন সময় এসেছে নতুন সমাজ ও নতুন দেশ গড়ার জন্য বেগম জিয়া যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার।
আরও যারা শ্রদ্ধা নিবেদন করে: জাতীয় স্মৃতিসৌধে আরও যেসব রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, এলডিপি, বিকল্পধারা, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও গণসংহতি আন্দোলন।
প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলা একাডেমি, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গণজাগরণ মঞ্চ, প্রজন্ম ’৭১, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, আওয়ামী সাংস্কৃতিক লীগ, মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান ফোরাম ’৭১, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট প্রভৃতি। এর বাইরে শ্রমিকদের একাধিক সংগঠন ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা শ্রদ্ধা নিবেদন করে।
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকালে ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুদ্দিন পেয়ারা প্রমুখ। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কাদেরী কিবরিয়া। এ ছাড়া বুলবুল ললিতকলা একাডেমি ও মন্দিরা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশ করেন।