মুক্তিযুদ্ধের চেতনায় সেজেছে মাঠ
মুক্তিযুদ্ধের চেতনায় সাজানো হয়েছে এবারের স্কাউট জাম্বুরি। সাত বীরশ্রেষ্ঠের নামে বিভিন্ন অঞ্চলের নামকরণ করা এবং মুক্তিযুদ্ধ ও যুদ্ধের ঐতিহাসিক পটভূমি নিয়ে সাজানো হয়েছে শালবনঘেরা পুরো মাঠ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে চলছে নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরি। জাম্বুরির সব কার্যক্রম ভিলেজ ও সাব-ক্যাম্পভিত্তিক ভাগ করা হয়েছে। ভিলেজ, মেইন অ্যারিনা ও ইয়ুথ জোনের নামকরণ করা হয়েছে দেশের বীরশ্রেষ্ঠদের স্মরণে এবং ১০টি সাব-ক্যাম্পের নামকরণ করা হয়েছে বীর বাঙালির সংগ্রামী জীবনের আলোকজ্জ্বল ১০টি পৃথক ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ বছরকে স্মরণীয় করার জন্য। বছরগুলো হলো ১৯৭১, ১৯৭০, ১৯৬৯, ১৯৬৬, ১৯৬২, ১৯৫৪, ১৯৫২, ১৯৪৭, ১৮৫৭ ও ১৭৫৭।
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের স্কাউট সোয়াদ হোসেন দাঁড়িয়ে আছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ভিলেজের সামনে। সোয়াদ বলে, ‘জাম্বুরিতে এসে মুক্তিযুদ্ধের অনেক না-জানা ইতিহাস জেনেছি।’
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ভিলেজের ১৯৭১ সাব-ক্যাম্পের পাশে বসে আছেন ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী লিয়া মনি ও নাবিলা আক্তার। তাঁরা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় আমরা হাতে পতাকা নিয়ে গান করি। সব অনুষ্ঠানেই মুক্তিযুদ্ধের চেতনা।’
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ভিলেজের স্কাউট মোবারক হোসেন বলে, ‘দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের আমরা ভুলে যেতে পারি না।’ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভিলেজের স্কাউট নাজমুল হাসান বলে, ‘মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, তাঁদের মতো দেশকে ভালোবাসতে চাই।’ ‘শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউট’—এই প্রতিপাদ্য নিয়ে মৌচাকে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে স্কাউট জাম্বুরি।
স্কাউট কর্মকর্তারা জানান, জাম্বুরি সাত দিনব্যাপী চলবে। আয়োজন শেষ হবে আগামীকাল শুক্রবার। স্কাউটদের পাঁচটি ভিলেজে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভিলেজ। ইয়ুথ জোনের নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আর মেইন অ্যারিনার নামকরণ হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের নামে। প্রতিটি ভিলেজে ১০টি সাব-ক্যাম্প রয়েছে। সাব-ক্যাম্পে একজন করে প্রধান রয়েছেন। গতকাল রোববার স্কাউটরা সাব-ক্যাম্প ভিত্তিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে।
এর মধ্যে পানিতে খেলা, দুর্বার-দুর্জয়, অজানায় যাত্রা, দক্ষতা ও পারদর্শী, আমার বিশ্ব আমার ঐতিহ্য, সুন্দর সমাজ, প্রত্যাশা ও আনন্দ ভ্রমণ। গতকাল সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভিলেজের স্কাউটরা আনন্দ ভ্রমণে গেছে। আর সন্ধ্যার পর প্রতিটি ভিলেজে রয়েছে ‘ভিলেজ নাইট’ অনুষ্ঠান।
বাংলাদেশ স্কাউটের প্রোগ্রামার ও জাতীয় কমিশনার আরিফুজ্জামান জানান, জাম্বুরির সব কার্যক্রম, ভিলেজ ও সাব-ক্যাম্পের নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের নামে।