মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখনো সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রেখেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ওই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের রুখতে হবে।

বঙ্গবন্ধুর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বুধবার সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১-এর ঢাকা বিভাগীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের ঢাকা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ পাটওয়ারী।

সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাল আইন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রতিষ্ঠিত যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসান।

মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী বলেন, জামায়াত-শিবির হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনায় তাদের রুখতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বরের বিজয় পূর্ণতা লাভ করেছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। একাত্তরের পরাজিত শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের মানুষকে, সংস্কৃতিকে ও গণতন্ত্রকে হত্যা করছে।

নারী মুক্তিযোদ্ধা হাছিনাদৌলা বলেন, অনেক ত্যাগের মুক্তিযুদ্ধ স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতায় ভেস্তে যেতে পারে না।

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামানকে বক্তৃতা করতে না দেওয়ায় সফিউল্লাহর বক্তৃতার আগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন সংগঠনটির কর্মীরা।