মুক্তিযুদ্ধের ছয় সংগঠককে সম্মাননা
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের ছয় সংগঠককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। গত সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠকেরা হচ্ছেন: তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান খান চুন্নু মিয়া ও আবদুস সাত্তার, মহকুমা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মদ এবং সাবেক তিন সাংসদ মো. আবদুল কদ্দুস, আশরাফুদ্দীন আহমদ ও এ কে এম শামছুল হক গোলাপ মিয়া। স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। সৈয়দ আশরাফ বলেন, ‘এঁরা সবাই আওয়ামী লীগের ত্যাগী নেতা, যাঁরা বিভিন্ন পেশায় থেকেও মৃত্যুর সময় কিছুই রেখে যেতে পারেননি।’সংগঠনের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।