মুক্তিযুদ্ধের দলিল বলতে কিছু দৈনিক পত্রিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি দেশের ঐতিহাসিক গুণসম্পন্ন সব সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত দলিল ও নথিপত্র, পাণ্ডুলিপি ও পুস্তকের সংরক্ষণাগার।’ বাংলাদেশ জাতীয় আর্কাইভসের গাইড বইয়ে এভাবেই আর্কাইভসের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গৌরবজনক অধ্যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে এই সংরক্ষণাগারে প্রায় কোনো দলিলই নেই। সে সময় প্রকাশিত কিছু দৈনিক পত্রিকাই মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আর্কাইভসের ভাঁড়ার পূর্ণ করে আছে।
একাধিক ইতিহাসবিদ ও আর্কাইভসের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, স্বাধীনতার পরের প্রথম সরকার ছাড়া কোনো আমলেই দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধ-সংক্রান্ত অজস্র দলিল সংগ্রহে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের উদ্যোগের অভাব, অপ্রতুল বরাদ্দ, প্রয়োজনীয় জনশক্তির অভাবের কারণে মুক্তিযুদ্ধ নিয়ে নথি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আর্কাইভসের গুরুত্বটা বুঝতে অক্ষম এ দেশের নীতিনির্ধারকেরা। জাতীয় আর্কাইভসকে একটি দিকহারা প্রতিষ্ঠান হিসেবে তুলনা করেন তিনি।
জাতীয় আর্কাইভসের প্রতিষ্ঠা ১৯৭২ সালে। নগরের আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভসের সুরম্য ভবনটি তখন ছিল না। একটি ভাড়া বাড়িতে শুরু হয় আর্কাইভসের কাজ।
প্রতিষ্ঠার সময় থেকে ১৯৯০ সাল পর্যন্ত এর পরিচালক ছিলেন কে এম করীম। তিনি বলেন, জাতীয় আর্কাইভস প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের দলিল-দস্তাবেজ সংগ্রহ। সেই সময় মুক্তিযুদ্ধের দলিল সংগ্রহে একাধিক প্রতিষ্ঠানের আগ্রহ ছিল। এই প্রতিযোগিতায় আর্কাইভস আর বেশিদূর এগোতে পারেনি।
স্বাধীনতার ৪২ বছর পর আজ জাতীয় আর্কাইভসে মুক্তিযুদ্ধের দলিল বলতে আছে দেশি-বিদেশি মিলিয়ে ১৬টি দৈনিক পত্রিকা। আর মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত সাময়িকীগুলোর মধ্যে কেবল জয় বাংলা সংগ্রহ আছে আর্কাইভসে, জানান প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ আর্কিভিস্ট ইলিয়াছ হোসেন। তিনি স্বীকার করেন, মুক্তিযুদ্ধ নিয়ে আর্কাইভসের সংগ্রহ খুবই হতাশাজনক।
মুক্তিযুদ্ধের সময় কেবল মুক্তাঞ্চল থেকে ৬৫টি সাময়িকী বের হতো বলে অধ্যাপক মুনতাসীর মামুন সম্পাদিত গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বইটিতে উল্লেখ আছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৮২ সালে ‘মুক্তিযুদ্ধ ইতিহাস লিখন ও মুদ্রণ প্রকল্প’ এর কাছে মোট সাড়ে তিন লাখ পৃষ্ঠার দলিলপত্র মজুত ছিল। ১৯৮৮ সালের বন্যায় এর একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। রক্ষা পাওয়া অবশিষ্ট দলিল স্থান পায় জাতীয় জাদুঘরে। জাতীয় জাদুঘর এসব আর ফেরত দেয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার ইকবাল যুক্তরাজ্যে গবেষণার কাজ করেছেন। তিনি জানান, দেশটির জাতীয় আর্কাইভসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপুল পরিমাণ দলিল তিনি দেখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল। সে দেশেও অনেক দলিল আছে বলে জানান তিনি।
তরুণ ইতিহাস গবেষক আজিজুল রাসেল জানান, ১৯৭১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে গঠিত হওয়া বাংলাদেশ সহায়ক সমিতি মুক্তিযুদ্ধ নিয়ে অজস্র দলিল সংগ্রহ করে। সেগুলো সংগ্রহ করার উদ্যোগ নেওয়া উচিত।
জাতীয় আর্কাইভসের সংগৃহীত দলিলের মধ্যে ১৭৬০ থেকে তৎকালীন ব্রিটিশ সরকারের নথির সংগ্রহই সবচেয়ে বেশি। কিন্তু ষাটের দশকের পর তৈরি হওয়া দলিল অনেক কম। যুদ্ধকালে প্রবাসী মুজিবনগর সরকারেরও কোনো দলিল জাতীয় আর্কাইভসের কাছে নেই।
মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহে কোনো সরকারি নির্দেশ নেই বলে জানান জাতীয় আর্কাইভসের পরিচালক অদুদুল বারী চৌধুরী। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় জাদুঘরে এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায় বলে জানান। কিন্তু দেশের সবচেয়ে বড় সংরক্ষণাগার হিসেবে জাতীয় আর্কাইভসের এই সংগ্রহের দায় আছে কি না, এর জবাবে তিনি বলেন, নিয়মিত তথ্য সংগ্রহের আওতায় মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু পেলে সংগ্রহ করা হয়। আবার ভারত বা পাকিস্তান থেকে তথ্য আনার জন্য গত সার্ক সম্মেলনে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুরো জাতীয় আর্কাইভসের মোট জনবল ৩৪ জন। এর মধ্যে ১৫টিই তৃতীয় শ্রেণীর পদ। মোট ১০ জন আর্কিভিস্ট আছেন প্রতিষ্ঠানটিতে। আর্কিভিস্ট ইলিয়াছ হোসেন বলেন, যেসব দলিল আছে সেসব সামলানোই কঠিন এই জনবল নিয়ে। সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে নতুন কোনো শাখা তৈরি করলেও সেটির ব্যবস্থাপনা করা অসম্ভব।