মুক্তিযুদ্ধের ধারায় দেশ গড়ার আহ্বান
বিশ্বে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর তৎপরতা প্রতিহত করতে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইরাক আগ্রাসনের ১১ বছর পূর্তি’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, প্রথমে বিভিন্ন অজুহাতে একটি দেশের জনগণের মধ্যে জাতিগত বিভেদ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র। পরে তা দমনের নামে ওই দেশের প্রাকৃতিক সম্পদ লুটে নেয় তারা। এর মধ্যে সিরিয়া, লিবিয়া ও ইরাকে সবচেয়ে বেশি লুটপাট করা হয়েছে। আর এ লুটপাটের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর একক কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হোক, তা চায়নি যুক্তরাষ্ট্র। এখনো তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে উঠেপড়ে লেগেছে। এ ছাড়া গ্যাস, কয়লা, সমুদ্র ও ড. ইউনূসের বিষয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে তারা। তাই এসব চক্রান্তের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ধারায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদের সভাপতিত্বে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান, জুলফিকার আলী ও সিপিবির কেন্দ্রীয় নেতা হাসান তারিক চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।