চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছে দলনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল আইনজীবীদের সংগঠন সমমনা আইনজীবী সংসদ।গত রোববার মধ্যরাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বাকি ১৩টির মধ্যে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেল থেকে সাতজন এবং আওয়ামী লীগ ও বাম-সমর্থিত প্যানেল থেকে ছয়জন নির্বাচিত হন।নির্বাচনী কর্মকর্তা ফকরুদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনে সভাপতি পদে চন্দন দাশ এবং সাধারণ সম্পাদক পদে মো. কামাল উদ্দিন বিজয়ী হয়েছেন।আদালত সূত্র জানায়, সভাপতি পদে সমমনা আইনজীবী সংসদের চন্দন দাশ এক হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সাইফুদ্দিন আহম্মদ চৌধুরী পেয়েছেন ৫৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সমমনা আইনজীবী সংসদের মো. কামাল উদ্দিন ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের এনামুল হক পেয়েছেন ৭০৫ ভোট।এ ছাড়া, সমমনা আইনজীবী সংসদ এবারের নির্বাচনে তিনটি সম্পাদক পদে এবং দুটি নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদ সিনিয়র সহসভাপতিসহ মোট তিনটি সম্পাদকীয় পদে এবং চারটি নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছে।আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহসভাপতিসহ দুটি সম্পাদকীয় পদে এবং চারটি নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছে। এবারের নির্বাচনে মোট দুই হাজার ৬৫৪ জন ভোটারের মধ্যে দুই হাজার ২০৪ জন ভোট দেন।