জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান (৬৩) জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে ইউসুফ মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের শেষ করার নির্দেশ দেন।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ লিয়াকতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দি নেওয়ার আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তিনি বলেন, ইউসুফ মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধকালে খুন, ধর্ষণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে রাজাকার বাহিনীর সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এই বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে সব অপরাধের দায়দায়িত্ব ইউসুফের ওপর বর্তায়।
জবানবন্দিতে লিয়াকত আলী খান বলেন, বাগেরহাটের খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজার হাট, শরণখোলায় ইউসুফ সভা করে শান্তি কমিটি গঠন করেন। ওই সব সভায় ইউসুফ মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের শেষ করে দেওয়ার নির্দেশ দেন। পরে বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯৬ জনকে নিয়ে খুলনার আনসার ক্যাম্পে রাজাকারের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে অস্ত্র দেন। প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন রাজাকার ৫ মে মোরেলগঞ্জের বড়াইখালী ইউনিয়ন পরিষদের সামনে ক্যাম্প করে বিভিন্ন ধরনের অপরাধ শুরু করে। এ খবর পেয়ে ১২ মে ভোরে তিনি ও স্থানীয় ৩০ জন মুক্তিযোদ্ধা ওই ক্যাম্পে হামলা চালান। একপর্যায়ে বাগেরহাট থেকে পানগুছি নদীতে গানবোটে আসা পাকিস্তানি সেনা ও রাজাকাররা মর্টার শেল ছুড়লে তাঁরা পিছু হটেন। তাঁদের সহযোদ্ধা আহত আবু বকর পার্শ্ববর্তী রমজান কাজীর বাড়িতে লুকান। পাকিস্তানি সেনা ও রাজাকাররা আবু বকরকে ধরে অমানুষিক অত্যাচার চালায়। তিনি পাশের একটি দোতলা বাড়ি থেকে দেখেন, ইউসুফের নির্দেশে রাজাকাররা আবু বকরকে গুলি করে হত্যা করে।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের ১৭ মে ইউসুফের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানি সেনারা মেরেলগঞ্জ বাজারে মুক্তিযুদ্ধের পক্ষের ও হিন্দুদের ৪০০-৫০০ দোকান লুটপাটের পর অগ্নিসংযোগ করে। ১৯ মে রাতে ইউসুফ লঞ্চ ও গানবোটে করে আবার মোরেলগঞ্জ বাজারে এসে মুক্তিযোদ্ধা ও হিন্দুদের ধরার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শান্তিরঞ্জন, সত্যরঞ্জন, শংকর দাশ, অমর দাশ ও পিযূষ কান্তিকে ধরে সারিবদ্ধভাবে গুলি করলে প্রথম তিনজন নিহত হন। অমর ও পিযূষ পালিয়ে বাঁচেন। ২৬ জুলাই ইউসুফের নির্দেশে তাঁদের এলাকার চিকিৎসক ও মুক্তিযোদ্ধাদের তথ্যদাতা আবদুল মজিদকে রাজাকাররা গুলি করে হত্যার পর পানগুছি নদীতে ফেলে দেয়।
লিয়াকত বলেন, ইউসুফ বাগেরহাটের কচুয়ায় ৪০-৫০ জনকে গুলি করে হত্যা করেন। জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন সাক্ষী। জবানবন্দি শেষে লিয়াকতকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।