মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশক ও ব্লগারদের ওপর হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গণজাগরণ মঞ্চ। ছবিটি প্রেসক্লাব এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
প্রকাশক ও ব্লগারদের ওপর হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গণজাগরণ মঞ্চ। ছবিটি প্রেসক্লাব এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

জঙ্গি দমনে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের নেতারা। তাঁরা বলেন, সরকার জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশে একের পর এক মুক্তমনা মানুষকে হত্যা করছে। এ অবস্থা মোকাবিলায় তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব মন্তব্য করেন। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। বক্তারা ঢাকায় প্রকাশক খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং মুক্তমনা লেখকদের হত্যার বিচারের দাবি জানান। তাঁরা বলেন, এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।
বক্তারা বলেন, ২০০৪ সালে অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলার মধ্য দিয়ে জঙ্গিরা মুক্তমনাদের হত্যা শুরু করে। এরপর গত দুই বছরে সাতজন লেখককে একই কায়দায় হত্যা করা হয়েছে।
সমাবেশে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্যসচিব চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সংগঠক কাজী নুরুল আবছার, সংগঠক সুনীল ধর, শিক্ষকনেতা অশোক সাহা, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন, ছাত্রফ্রন্ট চট্টগ্রাম জেলার শাখার সভাপতি আল কাদেরী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।