মুক্তিযুদ্ধের প্রতীকী চিত্র ফুটে উঠল ভাস্কর্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর, বিজয়ের মাস। ১৬ ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে দুই শতাধিক ভাস্কর্য তৈরি করেছেন ঝিনাইদহের রকিবুল বাশার (৩২)।
মহান বিজয় দিবসে গতকাল মঙ্গলবার সকালে রকিবুলের ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সরকারদলীয় সাংসদ আবদুল হাই।
ছয় মাস ধরে জেলা শহরের মডার্নপাড়ায় নিজ বাড়ির সামনে চারজন শিল্পীকে দিয়ে রকিবুল তৈরি করেছেন এসব ভাস্কর্য। এগুলোতে ব্যবহার করেছেন ইট-সিমেন্ট, মাটি ও রং। এতে তাঁর খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। এ টাকা তিনি নিয়েছেন পারিবারিক ব্যবসা থেকে। ভাস্কর্যগুলো দেখতে এক সপ্তাহ ধরে সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।
সরেজমিনে দেখা যায়, ভাস্কর্যগুলোতে ফুটে উঠেছে প্রতীকী স্বাধীনতাযুদ্ধ। এ ছাড়াও উঠে এসেছে নিরীহ মানুষ হত্যা, নারীদের ওপর শত্রুপক্ষের নির্যাতন, সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলার চিত্র।
রকিবুল বাশার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়া ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর এ আয়োজন। ‘অর্থ বা কোনো কিছুর আশায় আমি এই ভাস্কর্য তৈরি করিনি। আমার এই কাজ বর্তমান প্রজন্ম দেখবে, এটাই প্রত্যাশা।’ বলেন রকিবুল বাশার।
ভাস্কর্য দেখতে আসা স্কুলছাত্র আমিরুল ইসলাম বলেন, ‘যুদ্ধ দেখিনি, তবে এই ভাস্কর্য দেখে বুঝতে পারছি, পাকিস্তানি হানাদার বাহিনী কীভাবে আমাদের লোকজনকে হত্যা করেছে। দেখতে পারছি, কীভাবে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন।’ শহরের উজির আলী হাইস্কুলের ছাত্র আবদুল্লাহ ইসতিয়াক বলেন, ‘আমি এখানে এসে অনেক কিছু দেখতে পেরেছি। খুব ভালো লাগছে।’
১৯৯৬ সালে রাজশাহীর একটি কলেজ থেকে এইচএসসি পাসের পর ঝিনাইদহে ফিরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন রকিবুল বাশার। এর পর থেকে দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। পাশাপাশি নামেন ওষুধের ব্যবসায়।