মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনে গতকাল ছিল মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য পাঠ। মুক্তিযুদ্ধের ৪০ বছর, মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে জাদুঘর কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।‘দিনাজপুরের ফুলবাড়ী। সময় ৪ এপ্রিল ১৯৭১। রাত আনুমানিক নয়টা। হঠাৎ গোলাগুলির বিকট শব্দ। চারদিকে আর্তচিৎকার। রাতের আঁধারে পাকিস্তানি হানাদাররা অতর্কিত হামলা চালায়। সবাই ব্যস্ত প্রাণ বাঁচাতে। আমার বয়স তখন ১০। আমাদের দুই ভাই, বোন ও মাকে নিয়ে বাবা বেরিয়ে গেলেন ঘর থেকে। চলে গেলেন বাড়ির পেছনে পুকুর পাড়ে। বললেন কচুরিপানায় ভর্তি ওই পুকুরে ডুবে থাকতে। জীবন বাঁচাতে এর কোনো বিকল্প নেই। আমরা তাই করলাম। দেড় ঘণ্টা শুধু নাকটা পানির ওপরে রেখে ডুবে রইলাম ঠান্ডা পানিতে। আস্তে আস্তে সব শান্ত হয়ে এল। পরদিন রাস্তার এখানে-সেখানে শুধু রক্ত আর লাশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। সবকিছু তছনছ, কোথায় সেই ফুলবাড়ী? এরপর যুদ্ধে গেলেন বাবা, ১৩ বছর বয়সের ভাই। দেশ স্বাধীন হলো। সবাই ফিরে এলেন। শুধু ফিরলেন না বাবা আর ভাই। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি বাবার অপেক্ষায়। না, শেষ পর্যন্ত তাঁরা আসেননি। এক চাচা জানালেন, তাঁরা শহীদ হয়েছেন।’১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা এটি। সেসব দিনের লোমহর্ষক স্মৃতিগুলো তিনি শুনিয়েছেন তাঁর নাতি ফুলবাড়ীর সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ের ছাত্র দবিরুল ইসলামকে। দবিরুল নানির সেই স্মৃতি লিপিবদ্ধ করেছে। পাঠিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। গতকাল বৃহস্পতিবার তাঁর নানির সেই ভাই বাবা হারানোর বেদনা একই সঙ্গে গর্বের গল্প শোনাল সবাইকে। দর্শকেরা এসব গল্প মুগ্ধ হয়ে শুনলেন।দিনাজপুর ও বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী গতকাল তাদের সংগৃহীত ভাষ্য পড়ে শোনায়। জাদুঘর কর্তৃপক্ষের আহ্বানে ২০০৯ সাল থেকে সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগ্রহ করেছে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের হাজার হাজার ভাষ্য। গতকাল সেখান থেকে ছয়টি ভাষ্য শোনানো হয়।ভাষ্য পাঠ ছাড়াও গতকালের আয়োজনে ছিল আবৃত্তি, নৃত্য ও মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চ নাটক জিয়ন্তকাল-এর পরিবেশনা।