মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস বলায় লেখকের মুনশিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক মাসুদ আহমেদ রচিত ডাস্ক, ডন অ্যান্ড লিবারেশন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা ক্লাবে গত বৃহস্পতিবার এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
লেখক মাসুদ আহমেদ রচিত ডাস্ক, ডন অ্যান্ড লিবারেশন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা ক্লাবে গত বৃহস্পতিবার এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধ বাঙালি জীবনের প্রধান অহংকার। নতুন অহংকার সৃষ্টির ক্যানভাসও এই মুক্তিযুদ্ধ। লেখক মাসুদ আহমেদ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস বলার মুনশিয়ানা দেখিয়েছেন তাঁর ইংরেজিতে রচিত ডাস্ক, ডন অ্যান্ড লিবারেশন উপন্যাসে।
লেখকের নিজ উদ্যোগে আয়োজিত প্রকাশনা ও গ্রন্থটির ওপর আলোচনা অনুষ্ঠানে বক্তারা এমন মূল্যায়ন করলেন। ঢাকা ক্লাবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপন্যাসটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমান এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান। আলোচনায় অংশ নেন প্রতিরক্ষাসচিব কাজী হাবিবুল আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ফকরুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ও সাহিত্য সমালোচক নাফিস ইমতিয়াজউদ্দিন।
উপন্যাসের বিষয়বস্তু এ রকম, অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী আবদুর রউফ। তাঁর ছেলে আসাদ স্বাধীনতার পক্ষে। মুক্তিযুদ্ধ চলছে। বাবা-ছেলের দ্বন্দ্বও চলমান। কিন্তু, পাকিস্তানের পক্ষ নিয়েও নিজের মেয়ে জেরিনকে পাকিস্তানি সেনাদের লালসার হাত থেকে বাঁচাতে পারেন না আবদুর রউফ।
বক্তারা বলেন, এ রকম ঘটনা অনেক পরিবারেই ঘটেছে। তবে মাসুদ আহমেদ দক্ষ গল্প বলিয়ে। তিনি বাংলার মতো প্রাঞ্জল করেই ইংরেজিতে রচনা করেছেন এই উপন্যাস। উপন্যাসটিতে লেখক গল্পই বলতে চেয়েছেন, তবে ইতিহাসের বিকৃতি যাতে না ঘটে, সে ব্যাপারেও সচেতন ও নির্মোহ থেকেছেন। মুক্তিযুদ্ধ শুরুর আগের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধ চলাকালীন রাজনৈতিক, সামরিক ও সামাজিক বিষয়গুলো উঠে এসেছে উপন্যাসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক সৈয়দ মুনীর খসরু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
পেশাগত জীবনে মাসুদ আহমেদ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। উপন্যাসটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রকাশনা প্রতিষ্ঠান অথরহাউস ইউকে লিমিটেড।