মুক্তিযুদ্ধের বন্ধু সিডনি শনবার্গ আর নেই

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার খবর বিশ্বের সামনে তুলে ধরায় যিনি বড় ভূমিকা রেখেছেন, সেই সিডনি শনবার্গ আর নেই। গত শনিবার নিউইয়র্কের পোকিপসি শহরে মারা যান পুলিৎজার পুরস্কারজয়ী এ সাংবাদিক। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার তিনি হৃদ্রোগে আক্রান্ত হন বলে তাঁর এক বন্ধুর বরাত দিয়ে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
মার্কিন সাংবাদিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু সিডনি শনবার্গের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর নেতারা। তাঁরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নিউইয়র্ক টাইমস-এর দক্ষিণ এশীয় সংবাদদাতা হিসেবে শনবার্গ ১৯৭১-এর ২৫ মার্চ কালরাতে ঢাকায় পাকিস্তানি গণহত্যার খবর প্রথম সারা বিশ্বে প্রচার করেন। পরে অন্য বিদেশি সাংবাদিকদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী তাঁকে দেশ থেকে বহিষ্কার করে। এরপরও সিডনি শনবার্গ ভারত হয়ে মুক্তিযুদ্ধের পুরোটা সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেন এবং মুক্তিযুদ্ধের পরিস্থিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন লেখেন।
গতকাল রোববার পাঠানো এক শোকবার্তায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর নেতারা বলেন, বাংলাদেশের মাটিতে হানাদার বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ওপর শনবার্গের প্রত্যক্ষদর্শী প্রতিবেদনগুলো সারা বিশ্বে আলোড়ন তোলে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রমনা রেসকোর্সে পাকিস্তান বাহিনীর ঐতিহাসিক আত্মসমর্পণেরও একজন প্রত্যক্ষদর্শী তিনি। সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা এই আদর্শবাদী ও ত্যাগী সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
১৯৭৫ সালে কম্বোডিয়ায় গণহত্যার সংবাদ সংগ্রহের জন্য সিডনি শনবার্গ পুলিৎজার পুরস্কার পান।