নীতিহীন ক্ষমতার রাজনীতির কারণেই দেশের বর্তমান সংকটজনক অবস্থার সৃষ্টি হয়েছে। সারা দেশে সহিংসতা চালাচ্ছে একাত্তরের পরাজিত শক্তি। বিদেশি শক্তি সমঝোতার নামে নিজেদের ‘স্বার্থ হাসিল’ করছে। এমন দেশ কেউ চায়নি। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে জেগে উঠতে হবে মেহনতি জনগণকে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। ‘প্রতিবাদী ছাত্র, যুবক, কৃষক-শ্রমিক, ক্ষেতমজুর, নারী-শিশু, সাংস্কৃতিক, পেশাজীবী, মেহনতি জনতা’র ব্যানারে বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এর আয়োজন করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবির দিনে দিনে আশ্রয়-প্রশ্রয় পেয়ে মাথায় উঠে বসেছে। মরিয়া হয়ে উঠেছে তারা। মুক্তিযুদ্ধের সব অর্জনকে নষ্ট করছে ষড়যন্ত্র।’ দেশের এ অবস্থার পেছনের কারণ অনুসন্ধান আবশ্যক হয়ে পড়েছে মন্তব্য করে কামাল লোহানী বলেন, যারা রাস্তায় গাড়ি ভাঙচুর করে ও রেললাইন উপড়ে ফেলে জাতীয় সম্পদ ধংস করছে, তাদের বিরুদ্ধে জনগণকে একত্র হতে হবে। প্রকৌশলী নিমাই গাঙ্গুলী বলেন, দীর্ঘদিনের অস্থিতিশীল ও নৈতিকতা বিবর্জিত রাজনীতির ধারাবাহিক-তায়ই বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে। স্বৈরাচারী ও রাজাকারকে কোনো না কোনো দল সব সময়ই আশ্রয় দিয়েছে। মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে এদের দেশছাড়া করতে হবে। গণজাগরণ মঞ্চের কর্মী লাকী আক্তার বলেন, স্বাধীনতার ৪২ বছরে কোনো সরকারই নির্বাচনকালীন সরকারব্যবস্থা ঠিক করতে পারেনি। প্রতিবারই শুরু হয় নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে মানুষ হত্যার খেলা।
সমাবেশ অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আসলাম খান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, ক্ষেতমজুর কমিটির নেতা মোতালেব হোসেন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে এম রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন। চলমান সংকট ও পরিস্থিতি নিয়ে নিজের লেখা প্রতিবাদী গান পরিবেশন করেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।