মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি শিক্ষানীতি-নারীনীতির বিরোধিতা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করছে। এবার তারা নারীনীতির বিরোধিতায় শামিল হয়েছে। তিনি বলেন, ‘তুমুল বিরোধিতার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস করেছি। এখন এ আইন বাস্তবায়ন করতে হবে।’ গতকাল শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে নগরায়ণ ও গণতন্ত্রায়ণ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ইউজিসির চেয়ারম্যান এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ সেমিনারের আয়োজন করে।নজরুল ইসলাম বলেন, নগরের মেয়ররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তাঁরা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কাছে অসহায়। এসব ভূমি ব্যবসায়ী দেশের নদী-নালা-মাঠ—সব দখল করে নিচ্ছে। পরিকল্পিত নগর গড়ে তুলতে হলে সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় করতে হবে।ইউজিসির চেয়ারম্যান বলেন, কিছু পত্রিকা বর্তমানে হলুদ সাংবাদিকতায় ব্যস্ত। এ কারণে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে নগরের সমস্যার সমাধান করা যেতে পারে। বিশিষ্ট বিজ্ঞানী ও প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম বলেন, ‘আমরা নিজেদের সুশীল সমাজের নাগরিক বলি। কিন্তু আসলে আমরা উদ্বিগ্ন সমাজের নাগরিক।’ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অলক পালের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন নূরুল আনোয়ার, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক কলিম উদ্দিন ভূঁইয়া, শিক্ষক আবু তৈয়ব চৌধুরী, মোহাম্মদ শাহ, হোসাইন কবীর ও প্রকৌশলী আলী আশরাফ।