মুক্তিযুদ্ধের বিরোধীরা রামুতে হামলা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের বিরোধীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ও বৌদ্ধবিহারের ওপর হামলা করেছে। এই অপশক্তি গোষ্ঠী পূর্বপরিকল্পিতভাবে তিনটি উদ্দেশ্য সামনে রেখে এ ঘটনা ঘটিয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার পরিদর্শন শেষে গতকাল বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন।বৌদ্ধবিহারে হামলাকারীদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, দেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। এ বিচার বানচাল করতে তারা লাখ লাখ ডলারের বিনিময়ে বিদেশি লবিস্ট নিয়োগ করেছে। তবে তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না। যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। আমাদের পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, শিল্পমন্ত্রী গতকাল সকালে চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ও লাখেরা গ্রামে বৌদ্ধবিহার ও হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর করা এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুকসহ বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা। পরিদর্শন শেষে মন্ত্রী দিলীপ বড়ুয়া বৌদ্ধভিক্ষুদের হাতে চীবর দান করেন।