মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা মনমোহনের
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের প্রধানমন্ত্রী সড়কপথে বেলা একটা সাত মিনিটে জাতীয় স্মৃতিসৌধে আসেন। এরপর একটা ১০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি কামরাঙাগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। একটা ২৫ মিনিটে মনমোহন সিং ঢাকার উদ্দেশে স্মৃতিসৌধ ত্যাগ করেন।মনমোহন সিং জাতীয় স্মৃতিসৌধে আসার পর তাঁকে স্বাগত জানান খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম।তাঁর সফরসঙ্গী হিসেবে স্মৃতিসৌধে আসেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানওয়ালা।মনমোহন সিংয়ের স্মৃতিসৌধে আগমন উপলক্ষে গতকাল সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। স্মৃতিসৌধের নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনী ও এসএসএফসহ ভারত থেকে আসা এসপিজি (স্পেশাল প্রটেকশন গ্রুপ)। স্মৃতিসৌধের বাইরে ছিল র্যাব ও পুলিশ।ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে নিরাপদ দূরত্বে অবস্থান নেয় কয়েক হাজার মানুষ। তারা বিশেষ এই অতিথিকে হাত নেড়ে স্বাগত জানায়।