মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ডিজিটাল ভিডিও সংগ্রহশালা
মুক্তিযোদ্ধাদের মুখ থেকে সরাসরি বর্ণনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথার ডিজিটাল ভিডিও সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।
মুক্তিযুদ্ধের বিভিন্ন কাহিনি বা গল্প ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মুক্তিযুদ্ধের অনুপ্রেরণামূলক গল্পগুলো যেন প্রজন্ম থেকে প্রজন্মের মনে গেঁথে থাকে, সেই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্রামীণফোন এই উদ্যোগ নিয়েছে।
রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামীণফোন তাদের এই উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বি ফারবার্গ, প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘একাত্তরের কথা’ শীর্ষক উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী তিন মাস। আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গ্রামীণফোন আনুষ্ঠানিকভাবে ভিডিও সংগ্রহশালাটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের হাতে তুলে দেবে। ভিডিওটি সবার জন্য অনলাইনে উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কয়েকটি তরুণ দল সারা দেশে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে তাঁদের মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প ভিডিও করার কাজ শুরু করে দিয়েছে। আলাদাভাবে সংগৃহীত মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথার ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। পরে সব ভিডিও এক করে অনলাইন ভিডিও সংগ্রহশালা তৈরি করবে গ্রামীণফোন। গল্প সংগ্রহে দেশের ৬৪টি জেলায় মোট ২০টি দল একযোগে কাজ করবে। দলগুলো মুক্তিযোদ্ধাদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভিডিও তৈরি করবে। সাধারণ মানুষ তাঁদের পরিচিত মুক্তিযোদ্ধাদের তথ্য এই ওয়েবসাইটে (www.ekattorerkotha.com) দিতে পারবেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তাঁরাও এ ধরনের একটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছিলেন। ভিডিও লাইব্রেরি তৈরির কাজটি শুরু করায় গ্রামীণফোনকে ধন্যবাদ দেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরতে অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে বলে আশা মন্ত্রীর।
গ্রামীণফোনের সিইও বলেন, ইতিমধ্যে অনেক বীর মুক্তিযোদ্ধা চলে গেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের গল্পগুলো সংরক্ষণ করার এখনই সময়। এই উদ্যোগের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের গল্পগুলো চিরকাল রয়ে যাবে। গল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মের কাছে প্রেরণার সর্বোৎকৃষ্ট উৎস হয়ে থাকবে।