মুক্তিযুদ্ধের ভাষ্য পাঠ নতুনের কণ্ঠে
‘রাজাকারদের অত্যাচারে আমাদের গ্রামের মানুষ ছিল অতিষ্ঠ। মারধর, লুঠপাট, আগুন লাগিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে এমন কিছু নেই, যা তারা করেনি। আমার ছিলেন দুই পিসি। রাজাকারদের হাত থেকে ওঁদের রক্ষার জন্য আমার দাদু সারাক্ষণ একটা দা কাছে নিয়ে রাখতেন।’
মুক্তিযুদ্ধকালে বাগেরহাটের মোল্লাহাট থানার মোগরা গ্রামের যে বর্ণনা এতক্ষণ দেওয়া হলো, সেটা পাঠ করছিল সপ্তম শ্রেণিতে পড়ুয়া অঙ্কন অধিকারী। সে তার দাদুর কাছ থেকে এই গল্প শুনে তা লিখে পাঠিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে।
গতকাল শুক্রবার ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন। অনুষ্ঠানে এদিন অঙ্কনের মতো আরও চার কিশোর-কিশোরী তাদের কাছের মানুষ কিংবা প্রতিবেশীদের কাছ থেকে শোনা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার ভাষ্য পাঠ করে শোনায়।
আয়োজকেরা বলেন, নতুন প্রজন্মের মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌখিক ইতিহাস সংগ্রহের জন্য ২০০৪ সাল থেকে একটি প্রকল্প শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর। উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সরাসরি একটি যোগসূত্র ঘটানো। এ প্রক্রিয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কাছের আত্মীয় কিংবা প্রতিবেশীর কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনে। তারপর সেটি তারা তাদের স্কুলের শিক্ষকের মাধ্যমে পাঠায়। এর মাধ্যমে একই সঙ্গে তিনটি প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে অংশী হয়ে ওঠে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৩০ হাজার প্রত্যক্ষদর্শীর ভাষ্য নতুন প্রজন্মের প্রতিনিধিরা সংগ্রহ করে পাঠিয়েছে। তার মধ্য থেকে এদিন ২০, ২১, ২২, ২৩ ও ২৬ হাজারতম ভাষ্য পাঠ করে অঙ্কনসহ আরও চার স্কুলপড়ুয়া।
প্রকল্পটির পরিচালক ও জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘এ পর্যন্ত যে ৩০ হাজার প্রত্যক্ষদর্শীর ভাষ্য শিক্ষার্থীরা পাঠিয়েছে, তার অর্ধেকের বেশি নারী। এটা একটা বড় ঘটনা। কারণ, মুক্তিযুদ্ধে নারীর কণ্ঠস্বর একপ্রকার অশ্রুত ছিল আমাদের কাছে। এ ছাড়া এসব ভাষ্যের ভেতর দিয়ে ব্যক্তি মানুষের অভিজ্ঞতার বাইরে স্থানীয় ইতিহাসটাও উঠে আসছে।’
এ পর্যন্ত এসব ভাষ্য নিয়ে চারটি বই প্রকাশ করা হয়েছে বলে জানান মফিদুল হক। বলেন, ‘এগুলো নিয়ে ভবিষ্যতে আরও অনেক কিছু করার পরিকল্পনা আছে আমাদের।’
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য পাঠের আগে মুক্তিযুদ্ধ জাদুঘরকে পাঁচ লাখ টাকার অনুদান দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল দলীয় সংগীত, আবৃত্তি ও পথনাটক।