চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হওয়ার আগে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ওপর স্মারক ভাস্কর্য নির্মাণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ‘আমরা চবিয়ান’ নামে শিক্ষার্থীদের একটি সংগঠন। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়। মিছিল ও সমাবেশ শেষে সংগঠনটি উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।
১৮ নভেম্বর সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হবে। এর আগে বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত ঐতিহ্যভিত্তিক স্মারক ভাস্কর্য নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ি থেকে গতকাল দুপুর ১২টায় আমরা চবিয়ান সংগঠনের সদস্যরা মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে আমরা চবিয়ানের সমন্বয়ক সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সীমান্ত সৌরভ বলেন, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য রয়েছে। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ভাস্কর্য নেই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুবর্ণজয়ন্তীর উৎসবের আগেই বায়ান্ন থেকে একাত্তরের ঐতিহ্যভিত্তিক স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহরাব হোসেন, বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া, রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি, ভূগোল ও প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মোমেন প্রমুখ।