মুক্তিযুদ্ধের ভুয়া ইতিহাস থেকে দূরে থাকার আহ্বান

ঢাকা থেকে পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন ‘মুক্ত আসর’। সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সিলেটে পালিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান। সেখানে মুক্তিযুদ্ধের জাল ও ভুয়া ইতিহাস থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। পরে খুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায়বর্মণ রানা ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আছাদুজ্জামান ও আয়োজক সংগঠনের সভাপতি আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুণ কান্তি হাওলাদার।

মুক্তআসরের সভাপতি আবু সাঈদ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনটি প্রতিষ্ঠানে তা শেষ হয়েছে।
মুক্তিযোদ্ধা ভবতোষ রায়বর্মণ তাঁর বক্তব্যে বলেন, ‘তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। একটি জাতির ইতিহাস হওয়া উচিত নির্ভেজাল। অথচ আমাদের ইতিহাসকে কেবল রাজনৈতিক কারণেই বিকৃত করা হচ্ছে। নির্জলা মিথ্যাচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের জাল ও ভুয়া ইতিহাস থেকে আমাদের দূরে থাকতে হবে।’
মুক্তিযুদ্ধের গল্প শোনার পর শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই পর্বের পর আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের ওপর কুইজের। ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি পরিবেশন করেন শিল্পী অনামিকা রায়। এই গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।আয়োজনে বিস্তারিত জানা যাবে: https://www.facebook.com/MuktoAsor