মুক্তিযুদ্ধের শব্দসৈনিক বেলাল মোহাম্মদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি বেলাল মোহাম্মদ
কবি বেলাল মোহাম্মদ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি বেলাল মোহাম্মদ আর নেই।আজ মঙ্গলবার ভোররাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুক্তিযুদ্ধের এই শব্দসৈনিকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।বিভিন্ন ব্যক্তি, সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।
বাসসের খবরে জানানো হয়েছে, আজ সকাল নয়টায় উত্তরা ১৪ নম্বর সেক্টরের মসজিদে বেলাল মোহাম্মদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।আগামীকাল বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জানাজা শেষে মরহুমের দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হবে।
বেলাল মোহাম্মদ দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।উন্নত চিকিত্সার জন্য গতকালই তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা ছিল।কিন্তু হঠাত্ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।তিনি সেখানে নিবিড় পরিচর্যায় ছিলেন।
১৯৩৬ সালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে জন্মগ্রহণ করেন বেলাল মোহাম্মদ।মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১০ সালে তিনি স্বাধীনতা পদক পান।পদকটি বাংলাদেশ বেতারকে দান করেন তিনি।এ ছাড়া পুরস্কারের নগদ অর্থ দিয়ে তিনি নিজ গ্রামে কমরেড মোজাফফর আহমেদ লালমোহন সেন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।

মৃত্যুকালে তিনি এক ভাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।