মুক্তিযুদ্ধের সংগঠক আশরাফ আলীর জীবন সংকটাপন্ন

মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নেননি, নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গায়ের চাদর আর হাতঘড়ি। তিনি পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের আশরাফ আলী (৬৯)। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উনসত্তরের গণ-আন্দোলনের এই ছাত্রনেতার জীবন এখন সংকটাপন্ন।
মস্তিস্কে রক্তক্ষরণের পর ১১ ডিসেম্বর রাতে আশরাফ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছোট মেয়ে মাহবুবা ফারহানা বলেন, হাসপাতালে তাঁর বাবার সংজ্ঞা কখনো ফিরছে কখনো বা সংজ্ঞাহীন থাকছেন। তাঁর সুচিকিৎসা দরকার।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্তা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে বলেন, আশরাফ আলীর অবস্থা সংকটাপন্ন। চিকিৎসা চলছে।
রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর বাসায় ঢুকতে আশরাফের অনুমতি লাগত না। বঙ্গবন্ধুও রাজশাহীতে এলে আশরাফকে ডেকে নিতেন। এটা আমাদের দেখা। তিনি ১৯৭১ সালে ভারতের বিভিন্ন ক্যাম্পে ঘুরে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। তাঁর সঙ্গে ভারতের পানিপিয়া ক্যাম্পে দেখা হয়েছিল। মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি হননি।’
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু নাটোরে উত্তরা গণভবনে এলে আশরাফ আলীর সঙ্গে দেখা হয়। বঙ্গবন্ধু তাঁকে বলেন, তুই কী চাস? আশরাফ বলেছিলেন, আপনার গায়ের ওই শাল (চাদর)। বঙ্গবন্ধু অন্য একটি চাদর কিনে দিতে চান। আশরাফ গায়ের চাদরটির জন্যই বায়না ধরেন। বঙ্গবন্ধু গা থেকে চাদর খুলে আশরাফকে দেন। একইভাবে রাশিয়া থেকে আনা একটি ঘড়িও বঙ্গবন্ধু আশরাফ আলীকে দিয়েছিলেন।’
আশরাফ আলী ২০০৫ সালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে অবসর নেন। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাজশাহী নগরের হড়গ্রাম বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আশরাফ আলী বঙ্গবন্ধুকে নানা সম্বোধন করতেন। বঙ্গবন্ধুও তাঁকে খুব স্নেহ করতেন। রাজশাহীতে সবাই তাঁকে বঙ্গবন্ধুর নাতি হিসেবে জানেন।