মুক্তিযুদ্ধের সংগঠক বখতেয়ার নূর সিদ্দিকী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতেয়ার নূর সিদ্দিকী
বখতেয়ার নূর সিদ্দিকী

মুক্তিযুদ্ধের সংগঠক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বখতেয়ার নূর সিদ্দিকী (৭২) গত শনিবার দিবাগত রাত ১২টায় নগরের নন্দনকাননের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বখতেয়ার নূর সিদ্দিকী ১৯৬২ সালে ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা এবং ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেন।
গতকাল রোববার দুপুরে বাদ জোহর লালদীঘি ময়দানে বখতেয়ার নূর সিদ্দিকীর প্রথম জানাজা হয়। সেখানে মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ মনজুর আলম, মাহমুদুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক এম এ সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জানাজার পর কফিনে চট্টগ্রামের তিন মন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি বাঁশখালীর কালিপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড শাহ আলম প্রথম আলোকে জানান, বখতেয়ার নূর সিদ্দিকী ১৯৬১-৬২ সালে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সংগঠকের ভূমিকা পালন করেন। এ ছাড়া তিনি ন্যাপের (মোজাফফর) সহসাধারণ সম্পাদক ছিলেন। পরে ১৯৭৮ সালের শেষের দিকে মতিয়া চৌধুরীর নেতৃত্বে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বখতেয়ার নূর ছিলেন নির্লোভ রাজনৈতিক নেতা।