মুক্তিযুদ্ধের সঞ্চৃতিবিজড়িত জমি ও ভবন দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসেবে ব্যবহূত ঢাকার দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের একটি ভবন ও ৫২ শতাংশ জমি গত রোববার দখলমুক্ত করেছে দোহার উপজেলা প্রশাসন। সেগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জাদুঘরের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্র জানায়, ১৯৬৫ সালে তৎকালীন সরকার উল্লিখিত জমিটি স্থানীয় বাসিন্দা জনৈক মো. আনোয়ার হোসেনের নামে ইজারা দেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ওই জমির ওপর থাকা ভবনটি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা জমি ও ভবনটি তাঁদের নামে ইজারা দিতে সরকারের কাছে দাবি জানান। তবে সে সময় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ১৯৮২ সাল থেকে সেখানে সরকারের ভূমি কার্যালয়ের লোকজন বসবাস শুরু করেন। কয়েক মাস আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত খাজনাদি পরিশোধ সাপেক্ষে আগের ইজারাগ্রহীতা আনোয়ার হোসেনের ওয়ারিশ মো. আহসান মোল্লাকে ইজারা দেন। ওই ইউএনও বদলি হওয়ার পর মুক্তিযোদ্ধারা নতুন ইউএনও মো. আল আমিনের কাছে এ বিষয়ে আবার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে জাদুঘর বানাতে জমিটি ছেড়ে দিতে আহসান মোল্লাকে দুই মাস সময় দেন। তবে জমিটি ছাড়তে অস্বীকার করে আসছিলেন আহসান। আগের সময় পার হওয়ার পর আহসানকে স্থাপনা সরিয়ে নিতে আরও তিন দিন সময় দেওয়া হয়। এর পরও তিনি স্থাপনা সরিয়ে নেননি। ফলে প্রশাসনের সহায়তায় গতকাল দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের নামে জমিটির দখল নেওয়া হয়।দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধকালীন স্মৃতি রক্ষায় তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। প্রশাসন তাঁদের নামে জমিটি বরাদ্দ দিয়ে দলিল হস্তান্তর করেছে।ইউএনও আল আমিন বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জাদুঘরের জন্য জমিটি বরাদ্দ দেওয়ার পাশাপাশি স্থাপনা নির্মাণে ১০ লাখ টাকা এবং ৪০ হাজার ইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।