মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে নতুন প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বর্ধিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শনিবার তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করেছে, নতুন প্রজন্মকে তার প্রকৃত ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ওই বর্ধিত ভবনটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কো-চেয়ারপারসন ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের পর ছয় বছর তাঁকে ও তাঁর বোনকে দেশে ফিরতে দেওয়া হয়নি। আবেগজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘ওই হত্যাকাণ্ডের ছয় বছর পর দেশে ফেরার পর আমাদের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে রাস্তার ওপরে আমরা মিলাদ মাহফিল করতে বাধ্য হয়েছিলাম।’বঙ্গবন্ধুর সাদামাটা জীবনযাপনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এই জাদুঘরে এসে মানুষ জানতে পারবে দেশের সত্যিকারের ইতিহাস। কারণ এই জাদুঘর মহান নেতার অক্লান্ত ও ঐতিহাসিক কর্মকাণ্ডের স্মৃতি বহন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধুকে গণমানুষের নেতা হিসেবে উল্লেখ করে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বলেন, নতুন প্রজন্ম দেশের ভুল ইতিহাস শিখছে। জাদুঘরটি পরিদর্শন করার মাধ্যমে তারা দেশের প্রকৃত ইতিহাস জানবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি ট্রাস্টের সভাপতি অধ্যাপক এ এফ সালাউদ্দিন আহমেদ। এতে বক্তব্য দেন ট্রাস্টের সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, জাদুঘরের পরিচালক সৈয়দ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক কাজী আফরিন জাহান, ‘ভিত্তি স্থপতি’র ইকবাল হাবিব প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আইনপ্রণেতা শেখ হেলালুদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।পরে প্রধানমন্ত্রী ইন্টারনেটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের একটি ওয়েব আর্কাইভ উদ্বোধন করেন। এরপর তিনি জাদুঘরের নবনির্মিত বর্ধিত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বর্ধিত ভবন দর্শনার্থীদের ৩১টি থিমের ওপর ভিত্তি করে জাতির জনকের জীবন ও কর্ম সম্পর্কে একনজরে জানার সুযোগ করে দেবে। এ ছাড়া জনগণকে দেশের সত্যিকার ইতিহাস জানতে আলো ও শব্দের মাধ্যমে ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাবলি উপস্থাপন করা হবে। চাকরিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী: প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সবার জন্য সময়োপযোগী চাকরিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্র বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছে। তিনি গতকাল তাঁর সরকারি বাসভবন গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএসটিইউ), গোপালগঞ্জের ভর্তি-প্রক্রিয়ার উদ্বোধনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সকলের জন্য সময়োপযোগী চাকরিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। অপরদিকে একটি শিক্ষিত দেশ একটি উন্নত জাতি উপহার দিতে পারে।’শেখ হাসিনা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষার মানোন্নয়ন ও সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার উচ্চশিক্ষা গ্রহণ সহজ করতে এক হাজার কোটি টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছে। উচ্চশিক্ষার জন্য এই তহবিল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।’প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়ন ও সম্প্র্রসারণের জন্য সমাজের সচ্ছল লোকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষার উন্নয়নে যাঁরা অবদান রাখবেন তাঁদের কর রেয়াত সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, উচ্চশিক্ষার পর্যায়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, যাতে সব শিক্ষার্থী উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ লাভ করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে ভারসাম্যমূলক শিক্ষাপদ্ধতির উন্নয়ন নিশ্চিত হবে। পরে প্রধানমন্ত্রী হাসিনা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-প্রক্রিয়ার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আগ্রহী প্রার্থীরা টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আজ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিএসএমআরএসটিইউর চারটি ফ্যাকালটিতে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল আলম খান অনুষ্ঠানে বক্তৃতা করেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নূরে আলম চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।