মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার আহ্বান জানিয়ে লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমাদের জানতে হবে। দেশকে ভালোবাসতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একটি দেশ দিয়ে গেছেন। এই দেশ গড়ার দায়িত্ব তোমাদের।গতকাল সোমবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল ও কলেজের উদ্যোগে একাডেমির মিলনায়তনে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্তপর্বে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। গত বছর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি দেওয়া হয়। শিক্ষার্থীদের বইটি ভালোভাবে পড়তে বলা হয়। এর পর শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করা হয়। এতে শিক্ষার্থীদের আগ্রহ দেখে অর্থাৎ তারা ৮৭৭টি প্রশ্ন করায় স্কুলে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতার। পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, কর ন্যায়পালের কার্যালয়ের রেজিস্ট্রার সুধাংশ শেখর বিশ্বাস, পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেন, পরিচালক এম এ মতিন, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ শেখ মো. আবদুল মান্নান প্রমুখ।প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে তিনটি দলকে ২০টি করে প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় ১৯৫২ দল চ্যাম্পিয়ন হয়। ১৯৭১ দল প্রথম রানারআপ ও ১৯৬৯ দল দ্বিতীয় রানারআপ হয়েছে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।