মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের গৌরবময় দিক, বিশেষ করে মুুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে খ্যাতিমান গবেষক, ইতিহাসবিদ ও বিদ্বজ্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এশিয়াটিক সোসাইটির হীরকজয়ন্তী উৎসব উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হলে তারা সাধারণ জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। খবর বাসসের।এশিয়াটিক সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক জিল্লুর রহমান বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানটি দুর্লভ দলিল-দস্তাবেজ সংরক্ষণ এবং সাময়িকী ও পুস্তক প্রকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, যেকোনো গবেষণাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তিনি শিল্প-সাহিত্যের বিকাশে এশিয়াটিক সোসাইটির মতো গবেষণাপ্রতিষ্ঠানকে সহায়তার জন্য সম্পদশালীদের প্রতি আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, প্রতিটি দেশের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, যা বিশ্ব ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। তিনি আরও বলেন, ইতিহাসবিহীন জাতি হালছাড়া নৌকার মতো। তারা সমস্যায় দিকনির্দেশনাহীন এবং ঐতিহ্যবিবর্জিত। রাষ্ট্রপতি সোসাইটির বিভিন্ন গবেষণামূলক প্রকাশনার প্রশংসা করে বলেন, এসব প্রকাশনা দেশে-বিদেশে সমাদৃত হয়েছে।এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগাতা বোস, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম ও হীরকজয়ন্তী উৎসব কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।