জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা ও মানবতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির যেকোনো অপতৎপরতা ঠেকাতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল সোমবার জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ আলোচনা সভা হয়। আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেই পথেই চলছি। তবে আমাদের সাবধান থাকতে হবে, দেশে আর হত্যা, ক্যু হতে দেওয়া যাবে না।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ড একই সূত্রে বাঁধা। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ভারত সফরের উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার ভারত সফরের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তাঁর অতীতের রাজনীতি ভুল ছিল। এটা স্বীকার করার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে হয়। খালেদা জিয়া ভারত সফরে গিয়ে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করবেন না—এমন প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এর আগে তিনি দেশের মধ্যে জঙ্গিবাদ, অরাজকতা সৃষ্টি করেছিলেন।’ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘জামায়াত যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে আন্দোলনের যে ঘোষণা দিয়েছে, বিএনপিও নিশ্চয়ই তাতে শরিক হবে। সামনে আরও হত্যাকাণ্ড হবে, তাই সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘রামুর ঘটনা বলে দেয়, এ দেশ থেকে অসাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভাঙা যায়নি। খালেদা জিয়া সেই শক্তিকেই রক্ষা করতে চান। তাই এখন আমরা নিরাপদ নই। এখন সবচেয়ে গুরুত্ব দিতে হবে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক, যুদ্ধাপরাধী গোখরা সাপকে দমন ও নিধন করা।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযোদ্ধারা আবার যাতে ফিরে আসতে না পারেন, তাই বঙ্গবন্ধুকে হত্যার পর জেল হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সুপরিকল্পিতভাবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতীয় চার নেতার একজন মনসুর আলীর ছেলে হিসেবে নয়, একজন সাধারণ রাজনীতিক হিসেবে আমি ১৬ ডিসেম্বরের মধ্যে জেলহত্যার বিচার চাই।’ সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আয়োজক সংগঠনের নেতা হেলাল উদ্দিন আহম্মদ বক্তব্য দেন।