মুক্তিযুদ্ধের সম্মাননার জন্য প্রণব কাস্ত্রোসহ ১৫০ বিদেশি আমন্ত্রিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বিশিষ্ট বিদেশি ব্যক্তিদের সম্মাননা দেওয়ার তৃতীয় পর্যায়ের প্রস্তুতি চলছে। আগামী ২০ অক্টোবর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মনোনীত বিদেশি ব্যক্তিত্ব বা তাঁর প্রতিনিধির হাতে এ সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃতীয় পর্যায়ের সম্মাননার জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরাল, অটল বিহারি বাজপেয়ি এবং কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। এবারের সম্মাননার জন্য ১৫০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। সাবেক রাজনীতিক ছাড়াও সেনা কর্মকর্তা, সমাজকর্মী, শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিক রয়েছেন এ তালিকায়। দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনীত অবশিষ্টদের অনেকে এখানে রয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অন্তত শতাধিক ব্যক্তি বা তাঁদের প্রতিনিধি সম্মাননায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের মধ্যে যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করবেন। প্রয়াত রাজনীতিকদের মধ্যে ভারতের জ্যোতি বসু, জগজীবন রাম, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, সিনেটর জর্জ ম্যাকগভর্ন, ব্রিটিশ এমপি স্যার টমাস উইলিয়াম, জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্ড, নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান প্রয়াত লে. জেনারেল জগজিৎ সিং অরোরা ও ঢাকায় কর্মরত ভারতীয় কূটনীতিক সমর সেন রয়েছেন তালিকায়। যৌথভাবে তালিকায় আছেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির তৎকালীন পলিটব্যুরোর ১৭ সদস্য।শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে সম্মাননার তালিকায় আছেন মার্কিন সংগীতশিল্পী বব ডিলান, জর্জ হ্যারিসন, জোয়ান বায়েজ ভারতের সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর, সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, অভিনয়শিল্পী ওয়াহিদা রেহমান, নার্গিস, সুনীল দত্ত, গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গোবিন্দ হালদার, চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন, আলোকচিত্রী রঘু রাই, কবি কাইফি আজমী, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ, আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পো, হোর্হে লুই বোর্হেস। প্রয়াতদের ক্ষেত্রে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।সাংবাদিকদের মধ্যে যুক্তরাজ্যের মার্ক টালি, পিটার হেজেলহার্স্ট, টনি ক্লিফটন, সুইডেনের ভেন স্টর্মবার্গ, ভারতের হিরন্ময় কারলেকার, উপেন তরফদার, অভীক সরকার, মানস ঘোষ, দিলীপ চক্রবর্তী, দিলীপ মুখার্জি, প্রণবেশ সেন। ভারতের নারীনেত্রী ইলা মিত্র, সমাজকর্মী ও লেখক মৈত্রেয়ী দেবী, অধ্যাপক গবেষক পবিত্র সরকারের নামও তালিকায় আছে। তালিকায় আরও আছেন বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীর প্রতীক খেতাব পাওয়া একমাত্র বিদেশি নাগরিক অস্ট্রেলিয়ার উইলিয়াম এস ওডারল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়া ১২ জন পাকিস্তানির নামও তালিকায় রয়েছে। এদের মধ্যে বিশিষ্ট রাজনীতিক খান আবদুল ওয়ালী খান, খান আবদুল গাফফার খান, কবি ফয়েজ আহমেদ ফয়েজ উল্লেখযোগ্য।