মুক্তিযুদ্ধের সময় সবাইকে অনুপ্রাণিত করেন ওসমানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধের সময় আদর্শ মানুষ হিসেবে সবাইকে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর জন্মবার্ষিকী যেভাবে পালন করা উচিত, সেভাবে হয় না। তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা এভাবেই তাঁকে স্মরণ করেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জেনারেল হওয়া এম এ জি ওসমানীর স্বপ্ন ছিল। সেই কারণেই তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সমন্ত্রী হিসেবেও সফল ওসমানী।
এম এ জি ওসমানীকে নিয়ে স্মৃতিচারণা করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের চেয়ে সৎ মানুষ হওয়ার প্রতি ওসমানী গুরুত্ব দিতেন বেশি। তিনি ছিলেন প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধের সময় আদর্শ মানুষ হিসেবে তিনি সবাইকে অনুপ্রাণিত করেছিলেন।
ওসমানীর জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদ্যাপন করা উচিত বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ওসমানীর জন্মবার্ষিকী যেভাবে পালন করা উচিত, সেভাবে হয় না। তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত।
বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, এম এ জি ওসমানীর পদের লোভ কখনো ছিল না। অবলীলায় মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, তাঁকে নিয়ে বই লেখা ও গবেষণা কম হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, মেজর জেনারেল (অব.) মো. আসহাব উদ্দিন প্রমুখ।