মুক্তিযুদ্ধের সময় সমাজ কাঠামো টিকিয়ে রেখেছিলেন নারীরা
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, গৃহস্থালির খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে মুক্তিযুদ্ধে নানা ধরনের ভূমিকা পালন করে নারীরা সমাজকাঠামোকে টিকিয়ে রেখেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই নারীদের যথাযথ মূল্যায়ন হয়নি এখনো।স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও নারী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হোসেন এসব কথা বলেন।ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে সেলিনা হোসেন আরও বলেন, তৃণমূল বা শহরের মা সন্তানকে মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। কোনো কোনো নারী অস্ত্র হাতে যুদ্ধ করেননি, কিন্তু শহীদ মুক্তিযোদ্ধার লাশ দাফনে সহায়তা করেছেন। ৯ নম্বর সেক্টরের বীথিকা, শিশির কণা পানিতে ডুবে বোমা মেরে লঞ্চ উড়িয়ে দেন। সেবা করা, ভাত রান্না, মুক্তিযোদ্ধা এবং তাঁদের অস্ত্র লুকিয়ে রাখা, শিশু ও বৃদ্ধদের দেখাশোনা করা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র—সর্বত্র নারীর ভূমিকা ছিল। তার পরও ইতিহাস তাঁদের যথাযথ স্থান দেয়নি।পিতৃতান্ত্রিক সমাজকাঠামোর কথা উল্লেখ করে সেলিনা হোসেন বলেন, যে নারী বাংকারে ছিলেন না, মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, যুদ্ধের পর সেই নারীরাও ভালোবাসার ঘর পাননি। কেননা, যখনই নারীর সাহস পুরুষের সমান্তরাল হয়, তখন পুরুষ তা সহ্য করতে পারেন না।সেমিনারের মূল বক্তব্যে নারীনেত্রী ও গবেষক মালেকা বেগম বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসে নারী অবহেলিত। মুক্তিযোদ্ধা মানেই পুরুষ, কেননা যোদ্ধা বলতে শুধু পুরুষকেই বোঝানো হয়। এ বিষয়টি নিয়ে সারা পৃথিবীতেই তাত্ত্বিক গবেষণা চলছে।’ তিনি আরও বলেন, বর্তমানে দেশে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এখনো নারী ধর্ষণ, নারী নির্যাতন বিচারকাজের বিবরণীতে সেভাবে আসছে না। আলোচনায় নারীনেত্রী সেলিনা খালেক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লে মনে হবে মুক্তিযুদ্ধে সব শহীদ ছিলেন পুরুষ; তিন লাখ নারী শুধু ইজ্জত হারিয়েছেন, আর কিছুই করেননি। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেনের সভাপতি অধ্যাপক নাজমা সিদ্দিকী।মুক্ত আলোচনায় উইমেন ফর উইমেনের নির্বাহী কমিটির সদস্য সালমা খান বলেন, মুক্তিযুদ্ধের লেখক, প্রবক্তা এবং প্রচার-প্রসারে জড়িত ব্যক্তিদের মধ্যেও বিভিন্ন সীমাবদ্ধতা বা পক্ষপাতিত্ব আছে। যুদ্ধের সময় যাঁরা ভারতে যাননি, তাঁদের ভূমিকা গুরুত্ব দিয়ে দেখা হয় না। সেমিনারে আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য রাশিদা হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।