মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার জিয়াউদ্দিন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ১ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় জিয়াউদ্দিনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১১ জুলাই তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। জিয়াউদ্দিনের ছোট ভাই কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁর ভাই লিভারের জটিলতায় ভুগছিলেন। আজ শনিবার তাঁর মরদেহ দেশে আনা হবে।

জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সেক্টর কমান্ডারস ফোরাম ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতারা শোক প্রকাশ করেছেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ ১৯৫০ সালের ডিসেম্বরে পিরোজপুর শহরে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পিরোজপুর মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতিও ছিলেন।

উচ্চমাধ্যমিক পাস করার পর ১৯৬৯ সালে জিয়াউদ্দিন পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন। ১৯৭১ সালের ২০ মার্চ ছুটি এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালে সপরিবার বঙ্গবন্ধু নিহত হওয়ার পর জিয়াউদ্দিন চাকরিচ্যুত হন। এরপর তিনি জাসদের রাজনীতিতে জড়িয়ে পড়েন।

১৯৮৯ সালে পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জিয়াউদ্দিন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ নিয়ে সুন্দরবন সমরে ও সুষমায় নামে একটি বইও লিখেছেন তিনি।