মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস জানাবে গণহত্যা গ্রন্থমালা
একাত্তরে মুক্তিযুদ্ধকালে সারা দেশে যে ভয়াল গণহত্যা ও নির্যাতন সংঘটিত হয়েছে, তার সামগ্রিক চিত্র এখনো অজানা। গণহত্যা ও নির্যাতন আর্কাইভ দেশের নানা স্থানে সংঘটিত গণহত্যাগুলোর যেসব বই প্রকাশ করছে, তা গণহত্যার প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে।
১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালার প্রকাশনা অনুষ্ঠানে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে গণহত্যা ও নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে গণহত্যা গ্রন্থমালার ১০টি বই তুলে দেন গণহত্যা আর্কাইভ ও ট্রাস্টের সভাপতি মুনতাসীর মামুন। পরে আলোচনায় মন্ত্রী বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সরকার জাতিসংঘের কাছে আবেদন করবে এবং কূটনৈতিক তৎপরতা চালাবে।
মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস বিনির্মাণে আয়োজকদের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘একাত্তরের রাজাকার-আলবদররা এখনো বাংলার মাটিতে তৎপরতা চালাচ্ছে। তাদের মোকাবিলার জন্য আমাদের কোনো স্ট্র্যাটেজি নেই। পুলিশ-গোয়েন্দারা আমাদের রক্ষা করে দেবে না। গণহত্যার এই ইতিহাসই আমাদের রক্ষা করবে।’
আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনুষ্ঠানের সভাপতি মুনতাসীর মামুন। তিনি বলেন, ‘খন্দকার মাহবুব হোসেন টিভিতে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, আর আদালতে বলা হচ্ছে তিনি হাসপাতালে। আদালত কেন এই মিথ্যাচার সহ্য করছেন? সুপ্রিম কোর্ট যদি মুক্তিযুদ্ধকে অগ্রাধিকার না দেন, তবে সেই আদালত দেশের প্রতি দায়বদ্ধ নন।’
দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিলুপ্ত করার চিন্তাভাবনা করছে সরকার—পত্রপত্রিকায় এমন সংবাদে উৎকণ্ঠা প্রকাশ করেন শিল্পী হাশেম খান। তিনি বলেন, প্রধান যুদ্ধাপরাধীদের বিচার হয়তো শেষ হয়েছে, কিন্তু এখনো এমন অনেকে বেঁচে আছে, যারা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যা-নির্যাতন করেছে। তাদের বিচারের জন্য দুটি ট্রাইব্যুনালই থাকতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, গত শতাব্দীতে বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ সব গণহত্যা হয়েছে, যেগুলো মানুষের স্মৃতির অন্তরালে চলে যাচ্ছে। বাংলাদেশের ভয়াল গণহত্যার স্মৃতি ধরে রাখার জন্য গণহত্যা আর্কাইভ কাজ করে যাচ্ছে।
প্রকাশনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গণহত্যা আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সাধারণ সম্পাদক শেখ বাহারুল আলম। তিনি বলেন, ২০১৪ সালের ১৭ মে খুলনায় এই আর্কাইভ ও জাদুঘর যাত্রা শুরু করে। এরপর দুই দফায় দেশের বিভিন্ন স্থানে গণহত্যার ২০টি বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।