মুক্তিযুদ্ধের সেই স্মৃতিবাহী পরিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পাকিস্তানি সেনাদের তৈরি করা পরিখা
মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পাকিস্তানি সেনাদের তৈরি করা পরিখা

৩০ ফুট বাই ২৫ ফুটের পরিখা (বাংকার)। গভীরতা ৮ থেকে ১০ ফুট। এর সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতা এবং সাধারণ মানুষের আত্মত্যাগের কাহিনি। নয় মাসের রক্ত ঝরানো সময়কে ধারণ করেও এটি মানুষের চোখের আড়াল হয়ে আছে। স্বাধীনতার চার দশক পরও পরিখাটি পরিকল্পিতভাবে সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) পরিখাটির অবস্থান। স্থানীয় সূত্র ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাত্তরে পিটিআই কেন্দ্র ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড সদর দপ্তর। এখানে তারা একটি পাকা পরিখা খনন করেছিল। হানাদার বাহিনী পিটিআই কেন্দ্র ও পরিখায় মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনদের ধরে এনে অমানুষিক নির্যাতন করত। অনেককে হত্যা করে পাশের কুয়ায় ফেলে দিত। মুক্তিযুদ্ধের পুরো সময় পরিখাটি ছিল নির্যাতনের কেন্দ্রস্থল। রাতের নীরবতা ভাঙত নির্যাতিত মানুষের চিৎকার ও আর্তনাদে।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানকে সেখানে আটকে রেখে নির্যাতন করেছিল পাকিস্তানি বাহিনী। তখন তিনি মৌলভীবাজার মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে গঠিত মহকুমা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। তখনকার ভয়াল দিনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ ভোরে তাঁকে বাড়ি থেকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায়। পিটিআইয়ে রেখে তাঁর ওপর নানাভাবে চলে নির্যাতন। এখানে আরও অনেককে ধরে এনে নির্যাতন করা হতো।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, পরিখাটির ছাদে ফুলের টব সাজিয়ে রাখা হয়েছে। পরিখার পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে স্থাপনা রয়েছে। দক্ষিণ দিকে প্রায় তিন ফুটের পাকা দেয়াল। দেয়ালের ওপরের অংশে লোহার গ্রিল লাগানো। ফাঁকা অংশে নানা জাতের ফুলগাছ লাগানো হয়েছে। সেখানে কোনো ফলক নেই।

পিটিআইয়ের তত্ত্বাবধায়ক এ কে এম সাইফুল হাসান বলেন, ‘আমরা আমাদের মতো সংরক্ষণ করছি। পরিখা এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। এটি নিয়ে কাজ করার কোনো তহবিল আমাদের নেই। এরপরও জেলা প্রশাসন, পৌরসভাকে লিখিতভাবে কিছু করার জন্য চিঠি লিখব। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটি সংরক্ষণ করতে পারে।’

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘পিটিআই ঘিরে আমরা একটি প্রকল্প হাতে নেব। নির্যাতনের চিহ্ন পোড়ামাটিতে ফুটিয়ে তোলা হবে।’