মুক্তিযুদ্ধের স্বপ্নের বিপরীত দিকে হাঁটছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনার বিপরীত দিকে হাঁটছে। চার মূলনীতি থেকেও সরে এসেছে। এখন প্রয়োজন মুক্তিযুদ্ধের পুনর্জাগরণ। এর জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে।
গতকাল শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, পেট্রলবোমায়, সহিংসতায় এবং গুম হয়ে বিনা বিচারে মানুষ মারা যাচ্ছে। এর জন্য মুক্তিযুদ্ধ হয়নি। সাম্প্রদায়িক ও স্বৈরাচারী শক্তির সঙ্গে আঁতাতের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণার শামিল।
বর্তমান সন্ত্রাস-সহিংসতা সম্পর্কে বক্তারা বলেন, একদল ধর্মের আড়ালে আন্দোলনের নামে সন্ত্রাস-সহিংসতা করছে। অন্য দল মুক্তিযুদ্ধের চেতনা পুঁজি করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। তাদের রাজনীতির বিরুদ্ধে গণমানুষের বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে।
সিপিবির সভাপতি সৈয়দ আবু জাফর আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির কাজী সাজ্জাদ জহির চন্দন প্রমুখ। বিজ্ঞপ্তি।