মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করলেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের মাইনী সম্মেলনকক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁরা এ অঙ্গীকার করেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা আবদুল আলীসহ নয়জন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ তাঁদের সম্মাননা দেয়।
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্যসচিব সুনীল কান্তি দে জানান, মুক্তিযুদ্ধের শুরুতে নয়জন মুক্তিযোদ্ধা প্রথম রাঙামাটি শহরে প্রবেশ করেন। তাঁরা সবাই শহীদ হন। এই নয়জন মুক্তিযোদ্ধা হলেন তৎকালীন মহকুমা প্রশাসক আবদুল আলী, আবদুস শুক্কুর, শফিকুল ইসলাম, এস এম কামাল উদ্দিন, স্বপন বিশ্বাস, ইফতেখার উদ্দিন, আবদুল মামুন, নাজমুল হক ও মো. ইয়াছিন। প্রথম পাঁচজনের স্বজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অপর চারজন মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজ পাওয়া যায়নি বলে জানান সুনীল কান্তি দে।
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণার পাশাপাশি শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।’
আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান। স্মৃতিচারণা করেন মুক্তিযোদ্ধা রণবিক্রম কিশোর ত্রিপুরা, প্রীতি কান্তি ত্রিপুরা, শহীদ আবদুল আলীর কন্যা নাজমা আক্তার, শহীদ আবদুস শুক্কুরের ছোট ভাই এমদাদুল হক।