মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল প্রমার আলোচনা সভায় বক্তব্য দেন শহীদজায়া মুশতারী শফি
শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল প্রমার আলোচনা সভায় বক্তব্য দেন শহীদজায়া মুশতারী শফি

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ছিল অসংখ্য বধ্যভূমি। এখন পাহাড়তলী বধ্যভূমি ছাড়া কোনো বধ্যভূমি নেই। লালখান বাজারে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিচিহ্ন ছিল। সেটিও নেই। গত ৪৬ বছরে মুক্তিযুদ্ধের ও শহীদদের স্মৃতিবিজড়িত প্রায় সব বধ্যভূমি হারিয়ে গেছে। এগুলো রক্ষায় কোনো উদ্যোগও নেই। মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো রক্ষা করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী রাতের শপথ’ শিরোনামের অনুষ্ঠানে এসব কথা বলেন শহীদজায়া বেগম মুশতারী শফি। অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন প্রমা। সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আবৃত্তি করেন মনজুর মুন্না, রাবেয়া সুলতানা, তামান্না ইসলাম, আবসারুল ইসলাম, সেলিম রেজা, এহেতেশামুল হক, সাইদুল করিম, গৌরী নন্দিতা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃন্দ আবৃত্তি ‘চিরকালের প্রমিথিউস’ পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এরপর শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা। পরে মোমবাতি জ্বেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

‘মুক্তির কথা শুনি’: শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে গতকাল সন্ধ্যায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করে ‘মুক্তির কথা শুনি’ শিরোনামের অনুষ্ঠান। নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি। অনুষ্ঠানে যুদ্ধদিনের গল্প শোনান শব্দসৈনিক শীলা মোমেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, ৭১-এর চিঠিপাঠ, কবিতা ও দেশের গান গেয়ে শোনানো হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশন চট্টগ্রামের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, রোটারিয়ান তৈয়ব চৌধুরী। বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া প্রমুখ।

সোমনাথ হালদার বলেন, বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস অবিস্মরণীয়। এই ইতিহাসকে নিয়ে বাঙালি জাতি গর্ব করতে পারে।

অনুষ্ঠানে আবৃত্তি ও চিঠিপাঠে অংশ নেন সাংসদ ওয়াশিকা আয়েশা খান, কবি কামরুল হাসান, নাট্যজন শুভ্রা বিশ্বাস, সাবিরা সুলতানা, ছড়াকার জিন্নাহ চৌধুরী, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, মুজাহিদুল ইসলাম ও দৃষ্টি চট্টগ্রামের সদস্যরা।