মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
সেলিনা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন। আরও বক্তব্য দেন ডেপুটি কমান্ডার সরোয়ার কামাল, সহকারী ইউনিট কমান্ডার নাসির উদ্দিন ও স্কুলের শিক্ষক আলমগীর কবির।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা এবং প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিকৃত ইতিহাস সম্পর্কে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধ-বিষয়ক বিভিন্ন বই পড়তে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে লাখ লাখ বাঙালি সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর মতো ত্যাগী ও যোগ্য নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে।’