মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কি মুছে যাবে?
২০১৩ সাল পর্যন্ত চট্টগ্রামে সরকারিভাবে ৮৯টি বধ্যভূমি ও সম্মুখযুদ্ধের স্থান চিহ্নিত করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে সরকারিভাবে করা তালিকার সঙ্গে মতবিরোধ রয়েছে মুক্তিযোদ্ধাদের। তাঁদের হিসাবে এই সংখ্যা আরও বেশি।
চট্টগ্রাম বধ্যভূমি সংরক্ষণ কমিটির নেতারা জানান, এলাকাভিত্তিক বধ্যভূমি, সম্মুখযুদ্ধের স্থান ও আশ্রয়কেন্দ্রের তালিকা তৈরি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হলেও ওই সব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ বা সংরক্ষণের ব্যাপারে অগ্রগতি কম। ফলে একাত্তরের স্মৃতিচিহ্নগুলো একে একে হারিয়ে যাচ্ছে। অনেক গণকবর কিংবা বধ্যভূমির জমি নিয়ে মামলাও চলছে।
চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, চিহ্নিত গণকবরগুলোর মধ্যে ৪০ শতাংশতে স্মৃতিস্তম্ভ রয়েছে। আর যেখানে স্মৃতিস্তম্ভ রয়েছে, সেগুলোও অবহেলায় রয়েছে। অপবিত্র করে রাখা হয়েছে। আমরা মন্ত্রণালয়কে চাপ দিয়ে যাচ্ছি স্মৃতিস্তম্ভ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য উপজেলাভিত্তিক কমিটি করার জন্য।
জানা যায়, এ পর্যন্ত সরকারিভাবে কালুরঘাটের মোহরা, মিরসরাই ও সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সম্মুখযুদ্ধের স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। নগরের স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে পাহাড়তলী বধ্যভূমিতে। এ ছাড়া বেসরকারি উদ্যোগে হালিশহরের মধ্যম নাথপাড়া, পটিয়ার গৈড়লার টেক, চন্দনাইশের জামিজুরি, সাতবাড়িয়াসহ কয়েকটি স্থানে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক গাজী সালেহউদ্দিন বলেন, ‘বধ্যভূমি ও যুদ্ধের স্মৃতিজড়িত স্থানগুলো ৪৫ বছরেও সংরক্ষণ করা হয়নি। আমরা একটি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু অর্ধেকের বেশিতে এখনো স্মৃতিস্তম্ভ হয়নি। কিছু জায়গার ব্যাপারে মামলা জটিলতা রয়েছে। কিছুটা সমন্বয়হীনতা ও দায়সারা ভাবও রয়েছে।’ তিনিও বলেন, নির্মিত স্মৃতিস্তম্ভও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না।
জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর চট্টগ্রামসহ সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী সৃষ্ট বধ্যভূমি ও সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণ ও এতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়। এ ব্যাপারে ২০১০ সালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় কমিটির সদস্যরা এলাকাভিত্তিক বধ্যভূমি, সম্মুখযুদ্ধ ও আশ্রয়কেন্দ্রের তালিকা তৈরি করে। তালিকার অনুলিপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েও পাঠানো হয়।
তালিকা পর্যালোচনা করে দেখা যায়, চিহ্নিত স্থানের অন্তত তিন ভাগের এক ভাগই ব্যক্তিমালিকানাধীন। বাকি স্থানগুলোর মালিক বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও স্কুল-কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া তালিকাও ত্রুটিপূর্ণ। তালিকায় অনেক জায়গার দাগ, মৌজা, মালিকানা ও অবস্থান উল্লেখ নেই।
তালিকা অনুযায়ী, চট্টগ্রাম নগর আটটি, মিরসরাই ও হাটহাজারীতে সাতটি করে, সীতাকুণ্ডে নয়টি, সাতকানিয়ায় চারটি, ফটিকছড়িতে ১৩টি, চন্দনাইশে একটি, রাউজানে চারটি, আনোয়ারায় ছয়টি, সন্দ্বীপে দুটি, পটিয়ায় দুটি, বাঁশখালীতে তিনটি, বোয়ালখালীতে ১১টি ও রাঙ্গুনিয়ায় ১২টি বধ্যভূমি রয়েছে।
তবে অনেক বধ্যভূমির এই তালিকার বাইরে রয়ে গেছে বলে অভিমত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাবুদ্দিনের। তিনি বলেন, ‘আমরা একটি তালিকা করছি। ওই তালিকা অনুযায়ী বধ্যভূমি ৮৯টির চেয়ে বেশি হবে। শিগগিরই এটি বই আকারে প্রকাশ করা হবে।’
একই অভিমত অধ্যাপক গাজী সালেহউদ্দিনেরও। তিনি বলেন, ‘আমার একটি বইতে ১১১টি বধ্যভূমির তালিকা রয়েছে। জেলা প্রশাসনের যে তালিকা, সেখানে আরও সংযোজিত হবে।’
চিহ্নিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ তৈরির দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও জেলা পরিষদ। জানতে চাইলে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে আমাদের হাতে কোনো বধ্যভূমি নির্মাণের ফাইল নেই। যদি প্রকল্প আমাদের দেওয়া হয়, তখন আমরা স্মৃতিস্তম্ভ নির্মাণে হাত দিই।’